বলিউডের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর জন্মদিন ১৬ জুন। তবে বিশেষ এই দিনের আগেই তার পরিবারে এসেছে সুখবর। বাগদান সারলেন অভিনেতার দত্তক কন্যা দিশানী চক্রবর্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের ছবি প্রকাশ করে খবরটি জানিয়েছেন তিনি নিজেই।
Advertisement
বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করেন ২৫ বছর বয়সী দিশানী। অভিনয় জগতে ক্যারিয়ার গড়ার লক্ষ্য নিয়ে তিনি নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে অভিনয়ের ওপর পড়াশোনা করেছেন। দীর্ঘদিন ধরেই বলিউডে তার অভিষেক নিয়ে আলোচনা চলছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রেই দীর্ঘদিনের প্রেমিক মাইলস ম্যান্টজারিসের সঙ্গে বাগ্দান সম্পন্ন করেন দিশানী। সমুদ্রসৈকতের পাশে পাহাড়ি টিলায় আয়োজিত হয় রোমান্টিক সেই মুহূর্ত। মোমবাতির আলোয় সাজানো পরিবেশে সাদা পোশাকে দাঁড়িয়ে থাকা দিশানীকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেন মাইলস। এরপর তার হাতে পরিয়ে দেন হিরের আংটি।
বাগদানের ছবি শেয়ার করে দিশানী লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে সহজ হ্যাঁ।’ জানা গেছে, গত ১২ জুন তাদের বাগ্দান সম্পন্ন হয়েছে।
Advertisement
দিশানীর হবু স্বামী মাইলস হলিউডে কর্মরত। তিনি চলচ্চিত্রের কালারিস্ট হিসেবে কাজ করেন। পাশাপাশি চিত্রগ্রহণের সঙ্গেও যুক্ত রয়েছেন।
মিঠুন চক্রবর্তী ও যোগিতা বালী ১৯৭৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের তিন ছেলে-মিমো, উষ্মে ও নমোশি। পরে দিশানীকে দত্তক নিয়ে কন্যাসন্তানের বাবা-মা হন এই তারকা দম্পতি।
দিশানীকে দত্তক নেওয়ার গল্পটিও বেশ আলোচিত। বহু বছর আগে কলকাতার একটি রাস্তায় পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়। পরে তাকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার তত্ত্বাবধানে রাখা হয়। সেই খবর জানতে পেরে শিশুটিকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন মিঠুন ও যোগিতা।
এক সাক্ষাৎকারে মিঠুন জানিয়েছিলেন, ঘটনাটি জানার পর তিনি মানসিকভাবে অস্থির হয়ে পড়েছিলেন। এরপর সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করে দিশানীকে দত্তক নেন। তবে এ প্রক্রিয়ায় তাকে বেশ কিছু আইনি জটিলতার মুখোমুখিও হতে হয়েছিল। তবুও সিদ্ধান্ত থেকে সরে আসেননি তিনি।
Advertisement
আরও পড়ুন:আসলেই কি মরক্কোর ফুটবল তারকার প্রেমে পড়েছেন নোরা গাড়ির সমস্যা নিয়ে আইনি লড়াইয়ে জড়ালেন শাহরুখ-দীপিকা
এদিকে অভিনয়কে পেশা হিসেবে বেছে নিতে নিজেকে প্রস্তুত করছেন দিশানী। বলিউডে তার অভিষেক নিয়ে নানা গুঞ্জন থাকলেও কোন সিনেমার মাধ্যমে তাকে বড় পর্দায় দেখা যাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে বাগদানের এই খবরে আপাতত আনন্দের আবহ মিঠুন চক্রবর্তীর পরিবারে।
এমএমএফ