আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম রামহরি বৈষ্ণব (২০)।
Advertisement
সোমবার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রামহরি বৈষ্ণব হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামের বাসিন্দা। তিনি লালদীঘির পাড় এলাকার একটি খাবারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দোকানের জানালায় আর্জেন্টিনার পতাকা টাঙাচ্ছিলেন রামহরি। এ সময় অসাবধানতাবশত জানালার পাশে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Advertisement
খবর পেয়ে কোতোয়ালী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, লালদীঘির পাড় এলাকায় পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআরএএইচ/এসএনআর
Advertisement