প্রবাস

কায়রোতে আল-আজহার শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হলেন ছারছীনার পীর

মিশরের রাজধানী কায়রোতে বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে ছারছীনা দরবার শরিফের পীর আলহাজ হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (হাফি.)-কে সংবর্ধনা দেওয়া হয়েছে।

Advertisement

এ সময় তিনি শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি আখিরাতমুখী জীবন গঠন, বিশুদ্ধ আকিদা, উত্তম চরিত্র ও তাকওয়া অর্জনের মাধ্যমে সুন্নতে নববীর আদর্শে নিজেদের গড়ে তুলে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় কায়রোর নাসর সিটিতে অবস্থিত বুরজ আত-তাতবিকিয়্যিনের গ্র্যান্ড কনফারেন্স হলে আয়োজিত আধ্যাত্মিক সংবর্ধনা, ফিলিস্তিনি উদ্বাস্তুদের মাঝে ত্রাণ বিতরণ ও বিশেষ দোয়া মাহফিলে তিনি এই আহ্বান জানান।

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ছারছীনা দারুসসুন্নাত সোসাইটি’র উদ্যোগে ছারছীনা দরবার শরিফের পীরের মিশর সফর উপলক্ষে এ আয়োজন করা হয়।

Advertisement

অনুষ্ঠানে ছারছীনা শরীফের সাবেক পীর, মুজাদ্দিদে জামান আলহাজ শাহ সূফি মোহাম্মাদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর জীবন, দ্বীনি খেদমত, আধ্যাত্মিক সাধনা ও সমাজ সংস্কারে তার অবদান নিয়ে আলোচনা করা হয়। পরে তার রূহের মাগফিরাত কামনায় ঈসালে সাওয়াব ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মিশরের ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব ক্বারী ফাদিলাতুশ শাইখ মোহাম্মাদ সাইদ। ছারছীনা দারুসসুন্নাত সোসাইটির আহ্বায়ক সাইমুম আল-মাহদী আল-আজহারীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাইফুর রহমান আল-আজহারী।

বক্তারা বাংলা, আরবি ও ইংরেজি ভাষায় ছারছীনা দরবার শরীফের দীর্ঘদিনের দ্বিনি শিক্ষা কার্যক্রম, তাসাউফ চর্চা, মানবকল্যাণমূলক কর্মকাণ্ড এবং শাহ মোহাম্মাদ মুহিব্বুল্লাহ (রহ.)-এর আদর্শ ও অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন দেশের শিক্ষার্থী সংগঠনের প্রতিনিধি, বাংলাদেশি ছাত্র সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামায়াত, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ফিলিস্তিনি দাতা সংস্থা ওয়ান উম্মাহ ফাউন্ডেশন, আল-আজহার স্টুডেন্ট ফোরামসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Advertisement

এ সময় মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ছাত্র সংগঠন ‘ইত্তিহাদ’ সহ বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে পীরকে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ইত্তেহাদের পক্ষ থেকে উপদেষ্টা শিহাবউদ্দিন, সাধারণ সম্পাদক আবছার উদ্দিন আজহারী ও সহ-সভাপতি মাহমুদ মিল্কি আজহারী পীরকে সম্মাননা স্মারক প্রদান করেন। পাশাপাশি ভারতের ফুরফুরা দরবার শরীফের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা জানান।

বক্তারা বলেন, ছারছীনা দরবার শরীফ শতাব্দীব্যাপী ইসলামী শিক্ষা, তাসাউফ ও মানবসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ইত্তেহাদুল আরবের চেয়ারম্যান ড. মোহাম্মাদ মাখঝুমি বলেন, ইসলামের খেদমত ও আধ্যাত্মিক উন্নয়নে ছারছীনা দরবার শরীফের অবদান মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মিশরে অবস্থানরত ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম। ছারছীনা দরবার শরিফের বিশ্বব্যাপী ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থা ‘হেমায়েতে ইসলাম বাংলাদেশ’-এর উদ্যোগে ফিলিস্তিনি শরণার্থীদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

সমাপনী বক্তব্যে পীর মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের দ্বিনি জ্ঞান অর্জনের পাশাপাশি উত্তম আখলাক ও তাকওয়ার মাধ্যমে সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এমআরএম