আকাশ মেঘে ঢাকা, তবু আলো হারায় না,দূরের কোনো প্রভাত নীরবে পথ চেয়ে থাকে।ঝড়ের শব্দে কেঁপে ওঠে চারদিক,তবু মাটির গভীরে বীজ তার স্বপ্ন বুনে রাখে।
Advertisement
আকাশ মেঘে ঢাকা, তবু মন খারাপের কারণ নয়,শুষ্ক মাঠ জানে, মেঘ মানেই সম্ভাবনার আগমন।এক ফোঁটা বৃষ্টির অপেক্ষায় ক্ষেতের মাটি আর্তনাদ করে,এক ফোঁটা জলের আশায় ফসল স্বপ্ন বুনে রাখে।
আকাশ মেঘে ঢাকা, তবু নদী থেমে যায় না,পাথরের বাধা পেরিয়ে সে সাগরের দিকেই চলে।মানুষও তেমনি দুঃসময়ের ভেতর দিয়ে হেঁটে যায়,চোখে জল থাকলেও আশা লুকিয়ে রাখে অন্তরে।
আকাশ মেঘে ঢাকা, তবু বৃক্ষেরা ভয় পায় না,এক ফোঁটা বৃষ্টির জলে তারা ভিজতে চায় প্রাণভরে।নদী অপেক্ষা করে, পাখি অপেক্ষা করে,প্রকৃতি তার নিজস্ব ভাষায় ডেকে যায় মেঘকে।
Advertisement
এক ফোঁটা বৃষ্টির অপেক্ষায় কোনো প্রকৃতি হাহাকার করে না,অভিমান করে না আকাশের বিরুদ্ধে।সে জানে, সময় হলে মেঘ ভাঙবেই,শুকনো ডালে আবারও নতুন পাতা গজাবে।
আকাশ মেঘে ঢাকা, তবু পাখিরা গান ভোলে না,অন্ধকার ডালেও তারা ভোরের খবর জানায়।যে রাত দীর্ঘ হয়, সে রাতই শেখায়,আলোকে কতটা ভালোবাসতে হয়।
আকাশ মেঘে ঢাকা, তবু আকাশ আকাশই থাকে,মেঘ তার পরিচয় নয়, কেবল ক্ষণিকের আবরণ।জীবনের দুঃখও তেমনি স্থায়ী নয় কোনোদিন,সময়ের বাতাসে সরে যায় তার ভারী আয়োজন।
তাই আকাশ মেঘে ঢাকা দেখলে ভয় পেও না,মেঘের বুকেই লুকিয়ে থাকে জীবনের অমৃতধারা।যে অপেক্ষা করতে জানে, সে-ই দেখে,বৃষ্টির প্রথম ফোঁটায় কীভাবে পৃথিবী আবার নতুন হয়ে ওঠে।
Advertisement
যতই অন্ধকার নেমে আসুক পৃথিবীর বুকে,আলো তার পথ খুঁজে নেয়, ঠিক মানুষের মতো।কারণ প্রতিটি মেঘের আড়ালেই সূর্যের অপেক্ষা থাকে,আর প্রতিটি অপেক্ষার শেষেই জন্ম নেয় নতুন ভোর, নতুন স্বপ্ন, নতুন ভালোবাসা।
রহমান মৃধা, গবেষক ও লেখক, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেনrahman.mridha@gmail.com
এমআরএম