দেশজুড়ে

বোনের বিয়ের দিনই ট্রাকের ধাক্কায় সড়কে প্রাণ গেলো ভাইয়ের

চট্টগ্রামের হাটহাজারীতে বোনের বিয়ের অনুষ্ঠান চলাকালে ডাম্প ট্রাকের ধাক্কায় সামির নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

Advertisement

শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্বপাশে ডায়মন্ড টার্চ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামির হাটহাজারী বাসস্ট্যান্ডসংলগ্ন শায়েস্তখাঁ পাড়ার প্রবাসী জসিম উদ্দিনের একমাত্র ছেলে। সে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সামিরের বড় বোনের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে উৎসবমুখর পরিবেশ ছিল। পরিবারের সদস্য ও স্বজনরা বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত ছিলেন। এ সময় কমিউনিটি সেন্টারের সামনে সড়ক পার হওয়ার সময় শহরমুখী একটি ডাম্প ট্রাক তাকে ধাক্কা দেয়।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, বোনের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে রাস্তা পার হচ্ছিল সামির। ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে বাসস্ট্যান্ড এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ট্রাক ও এর চালককে আটক করেছে পুলিশ।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

এদিকে বিয়ের আনন্দের দিনে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মা। স্থানীয় বাসিন্দারা সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Advertisement

এমআরএএইচ/এমআরএম