দেশজুড়ে

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিম শেখ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত মাহিম শেখ ওই গ্রামের নয়ন শেখের ছেলে এবং পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে কয়েকদিন আগে বাড়ির উঠানে একটি আমগাছের সঙ্গে কাঁচা বাঁশ ব্যবহার করে ব্রাজিলের পতাকা টানাই মাহিম। পরে বাঁশটি হেলে পড়লে শুক্রবার বিকেলে সেটি ঠিক করার জন্য সে আমগাছে ওঠে।

একপর্যায়ে গাছের পাশ দিয়ে যাওয়া ৩৩ কেভি বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয় মাহিম। গুরুতর আহত অবস্থায় সে মাটিতে পড়ে গেলে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

Advertisement

পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন দেশের পতাকা টানানোর উৎসব চলছিল। সেই উৎসবই মাহিমের জীবনে কাল হয়ে দাঁড়ায়।

পাগলা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

হোসাইন সুলভ/এমআরএম

Advertisement