ব্রাজিলের দাপুটে জয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে সমর্থকদের মধ্যে। হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয় পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ প্রকাশ করেছেন দেশের শোবিজের অনেক তারকাও। কেউ প্রিয় দলকে অভিনন্দন জানিয়েছেন, কেউ আবার মজার ছলে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের খোঁচাও দিয়েছেন।
Advertisement
অভিনেত্রী শাহনাজ খুশি ফেসবুকে স্বামী নাট্যকার বৃন্দাবন দাসকে উল্লেখ করে লিখেছেন, ‘আমরা দুজন দুই দলের সমর্থক হলেও কখনো খারাপ বাক্যবিনিময় হয়নি। কারণ আমরা খেলাটার ভক্ত। তার প্রথম প্রেম ফুটবল। যে দেশেরই খেলা হোক, সমান গুরুত্ব দিয়ে দেখে। ব্রাজিলিয়ানদের জন্য শুভকামনা।’
খেলা নিয়ে বরাবরই সরব অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ম্যাচের আগ থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় অংশ নেওয়া এই অভিনেত্রী ব্রাজিলের জয়ের পর লিখেছেন, ‘অভিনন্দন আমার পছন্দের ব্রাজিল, শুভকামনা।’
অভিনেতা ও কৌতুকশিল্পী আবু হেনা রনি নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে লিখেছেন, ‘কী বুঝলা? তোমাদের ওই তিন গোল দিতে আমাদের অর্ধেক সময় লাগে।’ তার এই মন্তব্য নিয়ে ভক্তদের মধ্যেও শুরু হয় নানা আলোচনা।
Advertisement
বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকা অভিনেত্রী মোনালিসা ম্যাচ শুরুর আগেই ব্রাজিল সমর্থকদের উদ্দেশে পোস্ট দেন। তিনি লিখেছিলেন, ‘ব্রাজিল সাপোর্টাররা সাড়া দিন। আপনি ব্রাজিল সমর্থক হলে কমেন্ট করে জানান আপনার সমর্থন।’
অন্যদিকে আর্জেন্টিনা সমর্থক অভিনেত্রী তানজিকা আমিন ব্রাজিলের খেলা নিয়ে ভিন্ন মত প্রকাশ করেন। তিনি রসিকতা করে লিখেছেন, ‘আজ সবচেয়ে বেশি হতাশ হয়েছে স্টেডিয়ামে বসে থাকা ব্রাজিল সমর্থকেরা। এত বোরিং খেলাও হতে পারে?’
আর্জেন্টিনা সমর্থক অভিনেতা নিলয় আলমগীরও মজার ছলে একটি পোস্ট দিয়ে লিখেছেন, ‘হাইতিপুল একাদশের সঙ্গে বিজয়ে শুভেচ্ছা!’
ব্রাজিলের সমর্থক অভিনেতা জিয়াউল হক পলাশও জয় উদযাপনে শামিল হন। একটি পোস্টে তিনি লেখেন, ‘সবাই এখন ব্রাজিল নিয়ে যা বলে।’ তার পোস্টে ভক্তদের মন্তব্যেও ফুটে ওঠে ব্রাজিল-উন্মাদনা।
Advertisement
নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি ব্রাজিলের তিন গোলের জয়ের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘এখন থেকে মুখে কিছু কমু না।’
এদিকে জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারও প্রিয় দলকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অভিনন্দন ব্রাজিল দল।’
আরও পড়ুন:আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ব্যতিক্রমী উদযাপন আবারও ৭ গোল! ব্রাজিলকে উড়িয়ে দিল তৌসিফের আর্জেন্টিনা
ব্রাজিলের এই জয়কে ঘিরে সমর্থকদের পাশাপাশি দেশের তারকাদের মধ্যেও দেখা গেছে উচ্ছ্বাস, মজা আর বন্ধুত্বপূর্ণ ফুটবল-আলোচনার আমেজ।
এমএমএফ