দেশজুড়ে

পাঁচ মাসের মেয়েকে রেখে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে আরমান, ফেরার আকুতি

জামালপুরের যুবক আরমান আলী (৩৪) উন্নত জীবনের স্বপ্নে গিয়েছিলেন বিদেশে। কিন্তু সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে পাঠানো এক ভিডিও বার্তায় দেশে ফেরার আকুতি জানিয়েছেন তিনি। তার নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষায় দিন গুনছে পরিবার।

Advertisement

জামালপুর সদর উপজেলার গোদাশিমলা এলাকার বাসিন্দা আরমান আলী গত ৭ মে ড্রোন কোম্পানি ও নির্মাণশ্রমিকের কাজের আশ্বাসে রাশিয়া যান। তবে পরিবারের অভিযোগ, চাকরির প্রলোভন দেখিয়ে তাকে সেখানে নিয়ে পরে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় আরমানকে কান্নাজড়িত কণ্ঠে বলতে শোনা যায়, ‘আমরা চাই আমাদের মৃত্যু দেশে হোক, আমরা মুসলিম, আমাদের জানাজা হোক। শেয়াল-কুকুরের মতো মরতে চাই না, প্লিজ আমাদেরকে রক্ষা করুন।’

ভিডিও বার্তায় তিনি জানান, যুদ্ধক্ষেত্রে প্রতিনিয়ত ড্রোন হামলা ও গোলাবর্ষণের মধ্যে দিন কাটছে তার। আহত অবস্থায়ও জীবন বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছেন।

Advertisement

আরমানের বাবা রফিকুল ইসলাম বলেন, ‘আমার ছেলের পাঁচ মাস বয়সি একটি মেয়ে আছে, নাম আরশি। মেয়ের ভবিষ্যৎ সুন্দর করতে এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় সে বিদেশে গিয়েছিল। কিন্তু এখন আমরা প্রতিটি মুহূর্ত আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্যে কাটাচ্ছি। শুধু চাই, আমার ছেলে সুস্থভাবে দেশে ফিরে আসুক।’

আরমানের ভাই সালমান বলেন, ‘নির্মাণশ্রমিকের কাজের কথা বলে আমার ভাইকে রাশিয়ায় নেওয়া হয়েছিল। কিন্তু পরে প্রতারণা করে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই। একই সঙ্গে সরকারের কাছে আবেদন, দ্রুত উদ্যোগ নিয়ে আমার ভাইকে দেশে ফিরিয়ে আনা হোক।’

এ বিষয়ে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) ইকরামুন নাহার বলেন, ‘কেউ বিদেশে গিয়ে প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হবে। আরমানের বিষয়ে পরিবারকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।’

হৃদয় আহম্মেদ/এফএ/এএসএম

Advertisement