বিশ্ববাজারে টানা তিন সপ্তাহ কমলো সোনার দাম। গত শুক্রবার (১৯ জুন) সপ্তাহের শেষ কর্মদিবসে আন্তর্জাতিক বাজারে সোনার দাম আবারও বড় পতনের মুখে পড়েছে। বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের দাম বাড়তে থাকায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য সোনা কেনা ব্যয়বহুল হয়ে উঠেছে। ফলে অলাভজনক সম্পদ হিসেবে সোনার চাহিদা কমছে।
Advertisement
বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, গত শুক্রবার স্পট মার্কেটে সোনার দাম ০ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৬৯ দশমিক ৪৪ ডলারে নেমে আসে। এর আগে দিনের শুরুতে এটি ৪ হাজার ১১৯ দশমিক ৭৮ ডলারে নেমেছিল, যা গত ১১ জুনের পর সর্বনিম্ন। অন্যদিকে, মার্কিন সোনার ফিউচার ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে।
আরও পড়ুন সপ্তাহের শুরুতেই সোনার গহনার দাম ভরিতে কমলো ২২১৬ টাকাজেফারিসের মালিকানাধীন ট্রেডু ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জ্যাবৌরাস জানান, সোনার বাজার এখন এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ফেডারেল রিজার্ভ যদি দীর্ঘ সময় ধরে সুদের হার উচ্চ রাখার সিদ্ধান্ত বজায় রাখে, তবে সোনার দাম আরও কমে প্রতি আউন্স চার হাজার ডলারের নিচে নেমে যাওয়ার ঝুঁকি রয়েছে।
গত বুধবার মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের ১৯ জন নীতিপ্রণেতার মধ্যে নয়জনই চলতি বছর সুদের হার আরও বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। বর্তমানে ফেডের নীতিগত সুদের হার ৩ দশমিক ৫০ থেকে ৩ দশমিক ৭৫ শতাংশের মধ্যে রয়েছে। সিএমই ফেডওয়াচ টুলের হিসাব অনুযায়ী, ব্যবসায়ীরা আগামী সেপ্টেম্বরের মধ্যে ফেডের সুদের হার বাড়ার ৭০ শতাংশ সম্ভাবনা দেখছেন।
Advertisement
ভূরাজনৈতিক পরিস্থিতিও সোনার বাজারে প্রভাব ফেলছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ড সফর বাতিল করায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা আপাতত স্থগিত রয়েছে। তবে অন্যদিকে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার খবর এসেছে, যা বাজারে কিছুটা প্রভাব ফেলেছে।
বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বহুজাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাশ আগামী ডিসেম্বর পর্যন্ত সোনার দামের পূর্বাভাস কমিয়েছে। আগের ৫ হাজার ৪০০ ডলারের পূর্বাভাস থেকে কমিয়ে তারা এখন প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৯০০ ডলার হতে পারে বলে ধারণা করছে।
সোনার পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট সিলভার বা রুপার দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ১১ ডলারে নেমেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ৬৬৭ দশমিক ১৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ২৫৪ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে। এই তিনটি ধাতুর দামই সাপ্তাহিকভিত্তিতে বড় পতনের মুখে পড়েছে।
সূত্র: রয়টার্সকেএএ/
Advertisement