জাতীয়

মেসিদের খেলা দেখতে যাওয়ার সময় দুর্ঘটনায় প্রাণ গেলো শিক্ষার্থীর

রাজধানীর ফকিরাপুল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরাফাত রহমান শাওন (২০) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

Advertisement

রোববার (২২ জুন) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শাওনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু আনিফ বলেন, রাতে আর্জেন্টিনার খেলা দেখতে বন্ধুরা মিলে দুটি মোটরসাইকেলে করে ওয়ারির উদ্দেশ্যে রওয়ানা হন। ফকিরাপুল পানির ট্যাংকির সামনে যাওয়া মাত্রই শাহজাহান নামে এক পথচারী মোটরসাইকেলের সামনে হঠাৎ চলে আসে। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে শাওন ও ওই পথচারী গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই পথচারীকে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, আগামী ৩০ জুন) উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল তার। প্রয়োজনীয় সব প্রস্তুতিও নিয়েছিলেন শাওন।

Advertisement

নিহত শাওনের গ্রামের বাড়ি গাজীপুর জেলার বড় দেওড়া আনসার আলী রোড এলাকায়। বাবা-মায়ের একমাত্র সন্তান শাওন। হাতিরঝিলের মগবাজারের মধুবাগ (মিরবাগ) এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

নিহত শাওনের মা সুলতানা আক্তার বলেন, আট দিন পর বিদেশে যাওয়ার কথা ছিল তার, সব প্রস্তুতি শেষ, অথচ আজ সে আমাদের ছেড়ে চলে গেলো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। পথচারীর শাহজাহানের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

কাজী আল আমিন/এসএনআর

Advertisement