অর্থনীতি

সূচকের সঙ্গে বাড়লো লেনদেন 

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ জুন) দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে মূল্যসূচক। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

Advertisement

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। ফলে এ বাজারটিতেও মূল্যসূচক বেড়েছে। তবে লেনদেনের পরিমাণ কমেছে। 

এর আগে সপ্তাহের প্রথম দুই কার্যদিবস শেয়ারবাজারে ঢালাও দরপতন হয়। তবে তৃতীয় কার্যদিবসে এসে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। এ পরিস্থিতিতে বুধবার ডিএসইতে লেনদেন শুরু হয় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে।  

অবশ্য প্রথম ১০ মিনিটের লেনদেন শেষ হওয়ার পর বাজারে বেশ অস্থিরতা দেখা যায়। তবে দুপুর সাড়ে ১২টার পর থেকে বাজার টানা ঊর্ধ্বমুখী থাকে। ফলে দাম বাড়ার তালিকা বড় হওয়ার পাশাপাশি সবকয়টি মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়।

Advertisement

আরও পড়ুন মন্ত্রী ‘না’ বলার পরও বিপিসির প্রধান কার্যালয় সরাতে চিঠি চেয়ারম্যানের

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৫০টির এবং ৬৫টির দাম অপরিবর্তিত রয়েছে।  

ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৯টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ৭২টির দাম কমেছে এবং ৩১টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৩৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৫টির এবং ৬টির দাম অপরিবর্তিত রয়েছে।  

বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৯টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৩টির এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ১২টির দাম বেড়েছে। বিপরীতে ৪টির দাম কমেছে এবং ১৮টির দাম অপরিবর্তিত রয়েছে।  

দাম বাড়ার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৮২ পয়েন্ট বেড়ে এক হাজার ১৪০ পয়েন্টে উঠে এসেছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় শূন্য দশমিক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৭ পয়েন্টে অবস্থান করছে।

Advertisement

আরও পড়ুন তালিকাচ্যুতির ঝুঁকি এড়াতে বোর্ড সভা, লভ্যাংশ ঘোষণা বেক্সিমকো ফার্মার

মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৯৪০ কোটি ২১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮২৮ কোটি ৩৬ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১১১ কোটি ৮৫ লাখ টাকা।  

এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার। কোম্পানিটির ৬০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৪ লাখ টাকার। ৩০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- আইটি কনসালটেন্ট, বিডি থাই অ্যানুমিনিয়াম, ন্যাশনাল ফিড মিলস, কেডিএস এক্সেসরিজ, আইপিডিসি ফাইন্যান্স, ডমিনেজ স্টিল বিল্ডিং এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস।  

অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে এক পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১৮ প্রতিষ্ঠানের মধ্যে ১০৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৯টির এবং ৩৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৫৮ কোটি ৮০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯৮ কোটি ৪৭ লাখ টাকা।

এমএএস/কেএসআর