খেলাধুলা

কানাডার ফুটবলারের পা ভেঙে পাঁচ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের মাদিবো

বিশ্বকাপে কানাডিয়ান ফুটবলারের গুরুতর চোটের ঘটনায় বুধবার, বসনিয়ার বিপক্ষে ম্যাচের কয়েক ঘণ্টা আগে, কাতারের মিডফিল্ডার আসিম মাদিবো তার আগের ম্যাচে লাল কার্ড দেখার ঘটনায় পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা পান।

Advertisement

কানাডার বিপক্ষে সেই ম্যাচে দ্বিতীয়ার্ধের মাত্র পাঁচ মিনিটের মাথায় তিনি ইসমায়েল কোনেকে ফাউল করেন, যার ফলে কোনের বাম পা ভেঙে যায়। লাল কার্ড দেখার পর মাদিবোকে মাঠ ছাড়তে হয় এবং তিনি ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। গত মঙ্গলবার দুজনের সাক্ষাতও হয়েছিল।

ফিফার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ‘ফিফা ডিসিপ্লিনারি কমিটি কাতার জাতীয় দলের খেলোয়াড় আসিম মাদিবোর বিরুদ্ধে নিম্নলিখিত শাস্তি আরোপ করেছে। তিনি ১৮ জুন ২০২৬ তারিখে ভ্যাঙ্কুভার প্লেসে অনুষ্ঠিত কানাডা বনাম কাতার বিশ্বকাপ ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন। ফিফা ডিসিপ্লিনারি কোডের ১৪.১(ই) ধারা (গুরুতর ফাউল খেলা) লঙ্ঘনের কারণে তাকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কাতারের পরবর্তী বিশ্বকাপ ম্যাচগুলোতে কার্যকর হবে এবং ফিফা ডিসিপ্লিনারি কোডের ৬৯ নম্বর ধারার আলোকে প্রয়োগ করা হবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফা আপিল কমিটির কাছে আপিল করা যেতে পারে।’

ঘটনার পর ইসমায়েল কোনেকে স্টেডিয়াম থেকে সরিয়ে ভ্যাঙ্কুভারের একটি হাসপাতালে নেওয়া হয়, যেখানে তার অস্ত্রোপচার করা হয়। তবে কানাডা জাতীয় দলের কোচিং স্টাফ বা কোনের ইতালিয়ান ক্লাব সাসৌলো এখনও জানায়নি যে তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন।

Advertisement

ঘটনার সময় চিলির রেফারি ক্রিশ্চিয়ান গ্যারায় প্রথমে মাদিবোকে হলুদ কার্ড দেখান। পরে ভিডিও রিপ্লে (VAR) দেখে সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হয়। কাতার জাতীয় দলের হয়ে অফিসিয়াল ম্যাচে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হলেও, মাদিবোর সামনে এখনও এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।

আরআর/আইএন