খেলাধুলা

ভিনির জোড়া গোলে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে ব্রাজিল

ব্রাজিলের হেক্সা মিশনে দলটিকে স্বপ্ন দেখাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। টানা তৃতীয় ম্যাচে গোল করলেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে তার জোড়া গোলেই ২-০ লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছে সেলেসাওরা।

Advertisement

যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামে ‘সি’গ্রুপের ম্যাচে দারুণ শুরু করেছে ব্রাজিল। এই ম্যাচ জিতলে রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত হবে কার্লো আনচেলত্তির শিষ্যদের। প্রথমার্ধের খেলায় ব্রাজিল একচ্ছত্র দাপট দেখিয়েছে।

স্কটিশদের ভুলে ৭ মিনিটে তাদের বিপক্ষে এগিয়ে যায় ব্রাজিল। সেন্টার-ব্যাক স্কট ম্যাককেনার পাস ব্লক করে দেন তরুণ উইঙ্গার রায়ান। সেই ভুলের সুযোগে বল চলে যায় ভিনিসিয়ুস জুনিয়রের কাছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কোনো ভুল করেননি। শান্তভাবে গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে পাশ কাটিয়ে ফাঁকা জালে বল ঠেলে দেন।

ম্যাচের শুরুতেই এমন গোল হজম করে বড় ধাক্কায় খেল স্কটল্যান্ড। চলমান বিশ্বকাপে এটি ভিনির তৃতীয় গোল। এরপর আরও একটি গোল করেন তিনি। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি গোলটি বাতিল করে দেন।

Advertisement

সেই গোলটিও আসে স্কটিশ ডিফেন্সের ভুলে। প্রতিপক্ষের ডিফেন্ডার হেনড্রির কাছ থেকে বল কেড়ে নেওয়ার আগে ভিনি তার ডান পায়ে সামান্য হলেও আঘাত করেন। গোল করলেও স্কটিশদের খেলোয়াড়দের আবেদন আমলে নিয়ে মাঠের রেফারি ভিএআর যাচাই করে গোল বাতিল করে ফাউলের সিদ্ধান্ত জানান।

পরে যোগ সময়ের তৃতীয় আবারও ভিনি গোল করেন। স্কটল্যান্ডের রক্ষণভাগের দুর্বলতা আবারও সামনে চলে এলো। একাধিকবার বল ক্লিয়ার করার সুযোগ পেয়েও তারা ব্যর্থ হয়, আর সেই সুযোগই কাজে লাগায় ব্রাজিল।

ডান দিক থেকে আসা ব্রুনো গুমাইরেসের ক্রসে পেছনের পোস্টে একেবারে ফাঁকা অবস্থায় ছিলেন ভিনিসিয়ুস। তিনি সহজ একটি হেডে বল জালে পাঠিয়ে দেন।

আইএন

Advertisement