বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা এক টাকা হলেও বাড়াতে হবে বলে জাতীয় সংসদের দাবি তুলেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।
বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে ফজলুর রহমান এ দাবি জানান।
বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানে ২০ হাজার টাকা অপরিবর্তিত রাখা এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যেমন- বীরশ্রেষ্ঠ, বীরত্তম, বীর বিক্রম, বীর প্রতীকদের ৫০০ টাকা বাড়ানো হয়েছে।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের মাসিক ভাতা ২০ হাজার টাকা, ঠিক আছে। অন্যান্য ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার এবং ১০ হাজার টাকা। যারা মুক্তিযুদ্ধকে শ্রেষ্ঠ মনে করেন, কোনো কারণেই মুক্তিযোদ্ধার সম্মানি ভাতার সঙ্গে অন্য কারও সম্মানি ভাতার কোনো তুলনা হতে পারে না। যদি হয় তাহলে, এটার জন্য পাঁচ বছর পরে আমাদের খেসারত দিতে হবে। কারণ, বিএনপির যারা সংসদ সদস্য হয়েছেন, তাদের ৯৯ শতাংশকে শেষ পর্যন্ত বলতে হয়েছে, আমরা শহীদ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা আর জুলাইযোদ্ধা, আমি জুলাইযোদ্ধাকে অসম্মান করছি না। কিন্তু মুক্তিযোদ্ধার সঙ্গে কাউকে তুলনা করলে কিন্তু ভবিষ্যতে পাঁচ বছর পরে আর উত্তরটা দিতে পারবেন না। এটা হবে না কাজেই আমি আজকে বলছি এক টাকা হলেও মুক্তিযোদ্ধার সম্মানি ভাতা বাড়াতে হবে। না হলে বেশি করতে হবে।
এমওএস/জেএইচ
Advertisement