২৪ জুন ৩৯ বছর বয়সে পা দিয়েছেন লিওনেল মেসি। ফুটবল ইতিহাসে সম্ভাব্য সকল ট্রফি জয় করে আবারও বিশ্বকাপ জয়ের নেশায় ডোনাল্ড ট্রাম্পের শহরে দাপিয়ে বেড়াচ্ছেন৷ নিজের জাদুকরি ফুটবলের মূর্ছনায় মাতিয়ে তুলছেন সকলকে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের পর সাবেক জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপকে আলিঙ্গন করেন মেসি। আর সেই ঘটনাকে অবতারণা করে মেসিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাবেক চ্যাম্পিয়নস লিগ জয়ী এই কোচ।
Advertisement
ফুটবল বিশ্বের নানা প্রান্ত থেকে শুভেচ্ছায় ও ভালোবাসায় সিক্ত হয়েছেন লিওনেল মেসি। বর্তমানে দলের সাথে কানসাস সিটিতে অবস্থানরত আর্জেন্টিনা জাতীয় দলের এই অধিনায়ক ভক্ত, ক্লাব, সতীর্থ ও ফুটবল কিংবদন্তিদের পাশাপাশি পরিবার ও নিজ শহর রোজারিও থেকেও পেয়েছেন উষ্ণ অভিনন্দন ও শ্রদ্ধাঞ্জলি।
এই শুভেচ্ছা বার্তাগুলোর মধ্যে অন্যতম ছিল ইয়ুর্গেন ক্লপের বার্তাটি। তিনি এক বন্ধুত্বপূর্ণ বার্তার মাধ্যমে সবাইকে চমকে দিয়েছেন এবং তাদের সর্বশেষ সাক্ষাতের একটি বিশেষ মুহূর্তের কথা উল্লেখ করেছেন।
স্কাই স্পোর্টসে মেসিকে উদ্দেশ্য করে বার্তাটি দেন এই জার্মান কোচ। ভিডিওতে তিনি শুভেচ্ছা জানানোর পাশাপাশি গত সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর তাদের মধ্যে হওয়া সেই আলিঙ্গনের কথা স্মরণ করে লেখেন, ‘শুভ জন্মদিন! সেই আলিঙ্গনের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি সত্যিই আমাকে বিখ্যাত করে দিয়েছ। তোমার জন্য এসব খুব সহজ, তাই না? কেবল আমাকে জড়িয়ে ধরার কারণেই এখন সবাই আমাকে চেনে। দিনটি উপভোগ করো, তোমার দিনটি দারুণ কাটুক। আবার দেখা হবে তোমার ৪০তম জন্মদিনে। বিদায়, বিদায়’ — বেশ খোশমেজাজেই কথাগুলো বলেন ক্লপ।
Advertisement
লিভারপুলের সাবেক এই ম্যানেজার যে ম্যাচটির কথা উল্লেখ করেছেন, সেটি অনুষ্ঠিত হয়েছিল ডালাসের এটিঅ্যান্ডটি (AT&T) স্টেডিয়ামে। সেই ম্যাচে মেসি দুটি গোল করে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন, যা আর্জেন্টিনাকে পরবর্তী রাউন্ডে পৌঁছে দেয় এবং তাকে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে।
ম্যাচ শেষে আন্তর্জাতিক সম্প্রচারে দেখা যায়, মাঠ থেকে বেরিয়ে আসার সময় মেসি বেশ কয়েকজন সাবেক সতীর্থ, প্রতিপক্ষ এবং ধারাভাষ্যকার হিসেবে কর্মরত কিংবদন্তিদের মুখোমুখি হন। এদের মধ্যে ছিলেন ক্লপ, যিনি থমাস মুলারের সাথে মেসির জন্য অপেক্ষা করছিলেন। মেসি তাঁদের দুজনকেই শুভেচ্ছা জানান। সেই মুহূর্তের একটি ছবি দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
বর্তমানে নিজের ষষ্ঠ ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া এই তারকা খেলোয়াড় জানিয়েছেন যে, তিনি কতটা আনন্দঘন সময় কাটাচ্ছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে সতীর্থ রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, লিসান্দ্রো মার্তিনেজ, জিওভানি লো সেলসো, নাহুয়েল মোলিনা এবং নিকোলাস ওতামেন্দির মাঝে হাসিখুশি ভঙ্গিতে দেখা যায়। ছবিতে দলের ইকুইপমেন্ট ম্যানেজার মারিতো ডি স্তেফানোও ছিলেন। তারা সবাই জন্মদিনের কেকের সাথে দাঁড়িয়ে ছবি তোলেন।
আরআর/আইএন
Advertisement