জাতীয়

থানার সেকেন্ড অফিসার পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেফতার

পুলিশের সেকেন্ড অফিসার পরিচয়ে নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম লাবু কাজী (৩৩)।

Advertisement

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে যাত্রাবাড়ী থানা গেটের সামনে থেকে লাবু কাজীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লাবু কাজী নিজেকে যাত্রাবাড়ী থানার সেকেন্ড অফিসার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নিত। গ্রেফতারকালে তার কাছ থেকে প্রতারণার শিকার এক ব্যক্তির আইফোন ১৬ প্রো ম্যাক্স মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার লাবু কাজী জনৈক তোতা মিয়ার কাছ থেকে ভুক্তভোগী উদ্ধার করার কথা বলে নগদ ৫ হাজার টাকা গ্রহণ করে। এছাড়া মিলন নামে এক ব্যক্তিকে থানা থেকে ছেড়ে দেওয়ার কথা বলে তার ভাইয়ের কাছ থেকে ১৫ হাজার টাকা হাতিয়ে নেন।

Advertisement

এছাড়াও থানার আশপাশের ফলের দোকান, আবাসিক হোটেল, ফুটপাতের দোকান ও আড়তসহ বিভিন্ন স্থান থেকে পুলিশ পরিচয় দিয়ে নিয়মিত টাকা-পয়সা আত্মসাৎ করে আসছিল বলে অভিযোগ আছে লাবু কাজীর বিরুদ্ধে।

টিটি/জেএইচ