খেলাধুলা

ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ জানালো ব্রাজিল

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের বাতিল হওয়া গোলকে কেন্দ্র করে রেফারিংয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সিবিএফ ফিফার কাছে অভিযোগ জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)। বৃহস্পতিবার এই অভিযোগ দাখিল করা হয়। যদিও ম্যাচটি ৩-০ গোলে জিতেছিল ব্রাজিল, তবুও প্রথমার্ধে বাতিল হওয়া গোল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে দলটি।

Advertisement

ঘটনাটি ঘটে প্রথমার্ধের ২১তম মিনিটে। তখন ব্রাজিল ১-০ গোলে এগিয়ে ছিল। ভিনিসিয়ুস স্কটল্যান্ডের ডিফেন্ডার হেন্ড্রির কাছ থেকে বক্সের কিনারায় বল কেড়ে নিয়ে গোলরক্ষক অ্যাঙ্গাস গানের মুখোমুখি পরিস্থিতিতে জালে বল পাঠান।

তবে ভিএআরের সুপারিশে মেক্সিকান রেফারি মনিটরে গিয়ে রিপ্লে দেখেন এবং ভিনিসিয়ুস ফাউল করেছিলেন—এমন সিদ্ধান্ত দিয়ে গোলটি বাতিল করে দেন।

এই সিদ্ধান্তে সঙ্গে সঙ্গেই ক্ষোভ প্রকাশ করেন ব্রাজিলের প্রধান কোচ, খেলোয়াড়রা এবং কোচিং স্টাফের সদস্যরা। ব্রাজিলের ফুটবল ফেডারেশন সিদ্ধান্তটির সঙ্গে একমত হয়নি এবং আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে প্রতিবাদ জানায়।

Advertisement

সিবিএফ সভাপতি স্বাক্ষরিত অভিযোগপত্রটি ফিফা সভাপতির কাছে পাঠানো হয়েছে। চিঠিতে সামির জাউদ উল্লেখ করেন, মাঠের রেফারির স্পষ্ট ভুল সিদ্ধান্তের ক্ষেত্রেই কেবল ভিএআরের হস্তক্ষেপ করা উচিত।

পাশাপাশি সিবিএফের দাবি, মেক্সিকান রেফারি সিজার রামোসকে ভবিষ্যতে ব্রাজিলের কোনো ম্যাচ পরিচালনার দায়িত্ব না দেওয়ার বিষয়টি বিবেচনা করা হোক।

বিশ্বকাপের দ্বিতীয় পর্বে আগামী সোমবার হিউস্টনে জাপানের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচটি বাংলাদেশ সময় অনুযায়ী গভীর রাতে অনুষ্ঠিত হবে।

আরআর/

Advertisement