ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ (২২) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর খিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের নসুর বাড়ির বাসিন্দা জামাল মিয়ার ছেলে।
Advertisement
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে মোহাম্মদপুর খিয়াপাড়া এলাকার মনির মিয়ার ছেলে মোস্তাকিমের গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিতে বন্ধুদের সঙ্গে সেখানে যান আব্দুল্লাহ। অনুষ্ঠান চলাকালে নাচ-গানের একপর্যায়ে অসাবধানতাবশত জেনারেটরের বৈদ্যুতিক লাইন ও বিদ্যুতের সার্ভিস লাইনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন ঝড়ে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো মা-ছেলেরনিহতের ছোট ভাই সানাউল্লাহ জানান, গায়ে হলুদের অনুষ্ঠান দেখতে গিয়ে দুর্ঘটনার শিকার হন আব্দুল্লাহ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
এএইচএমআর/এমএমকে