৩৯ বছর বয়সেও বিশ্বকাপের কেন্দ্রীয় চরিত্র লিওনেল মেসি। বর্তমান আসরে সর্বোচ্চ গোলদাতাও তিনি। শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে শনিবার ভোরে আর্জেন্টিনার খেলা ঘিরে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে তৈরি হয়েছে নজিরবিহীন উন্মাদনা। টিকিট না থাকলেও প্রায় ৫০ হাজার আর্জেন্টাইন সমর্থক মিয়ামিতে পৌঁছানোর প্রস্তুতি নিয়েছেন শুধু দল ও মেসিকে সমর্থন জানাতে।
Advertisement
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা ফিফার সঙ্গে আলোচনা করেছেন। তাঁর আশা, যারা আগে টিকিট কিনে পরে ফেরত দেবেন, সেই টিকিটগুলো আবার বিক্রির ব্যবস্থা করা হবে, যাতে আরও বেশি সমর্থক স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পান।
তাপিয়া বলেন, 'আমরা জানি প্রায় ৫০ হাজার মানুষ টিকিট ছাড়াই আসছেন। যারা আগে টিকিট কিনে পরে ফেরত দেবেন, সেই টিকিট আবার বিক্রিতে এলে আরও বেশি মানুষ ম্যাচটি দেখতে পারবেন।'
আগামী ৪ জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রায় ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামের সব অফিসিয়াল টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।
Advertisement
তাপিয়া আরও বলেন, 'এত দর্শক হবে, সেটা কেউ কল্পনাও করেনি। আমরা চাই যত বেশি সম্ভব মানুষ যেন ম্যাচটি দেখতে পারেন। তবে বাস্তবতা হলো, সবাইকে স্টেডিয়ামে জায়গা দেওয়া সম্ভব নয়।'
বিশ্বকাপের গ্রুপ পর্বেও ডালাস ও কানসাসে আর্জেন্টিনার ম্যাচগুলোতে ছিল উপচে পড়া ভিড়। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পুনর্বিক্রির বাজারে অনেক টিকিটের দাম কয়েক হাজার ডলারে পৌঁছে যায়। মেসি ও আর্জেন্টিনা জাতীয় দলের জনপ্রিয়তা যে যুক্তরাষ্ট্রেও তুঙ্গে, মায়ামির এই টিকিট সংকট সেটিরই আরেকটি বড় প্রমাণ।
টিটিটি/এসকেডি/জেআইএম
Advertisement