ঢাকা-১৫ আসনে বাসাবাড়িতে তীব্র পানি ও গ্যাসের সংকট রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
Advertisement
বুধবার (১ জুলাই) সকালে পশ্চিম শেওড়াপাড়ায় এক মতবিনিময় সভায় এ সংকটের কথা জানান তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে আমার কথা শুনেছেন এবং রেখেছেন। এরই আলোকে আজ ইতিহাসে প্রথমবারের মতো সরকারি দল ও বিরোধী দল আমরা একত্রে এলাকার সমস্যা সমাধানে মিলিত হয়েছি এবং জনগণের সহায়তায় আমরা সব সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ।
Advertisement
জামায়াতের আমির বলেন, এলাকায় তীব্র পানির সংকট রয়েছে, গ্যাসের সমস্যা ও কিশোর গ্যাং এর সমস্যাসহ বিভিন্ন সমস্যা রয়েছে | তবে এই সমস্যা আইন-শৃঙ্খলা বাহিনী এবং সরকারের একার পক্ষে সমাধান করা সম্ভব না | এই সমস্যা সমাধানে সরকারি দল ও বিরোধী দল মিলে জনগণের সহায়তায় সমাধান করা হবে। জনগণ যদি এগিয়ে না আসে, তাহলে কোনোদিনও এই সমস্যা সমাধান করা যাবে না।
এলাকার সব সমস্যা সমাধানে এলাকার জনগণকে সহায়তাসহ এলাকার প্রতিটি জনগণকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারকে সহযোগিতা করার অনুরোধ জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা । জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এরকম একটি ব্যতিক্রমধর্মী ও জনকল্যাণমুখী মতবিনিময় সভা আয়োজন করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা স্বীকার করেন।
এমএমএ/এসএনআর
Advertisement