এখনো ইরানের আকাশসীমা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ)। এছাড়া যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধবিরতিকে ঘিরে অনিশ্চয়তা এবং দ্রুত সংঘাত বৃদ্ধির সম্ভাবনার কারণে ইরাক ও লেবাননের ওপর দিয়েও ফ্লাইট রুট ব্যবহার করা উচিত নয় বলে পরামর্শ দেওয়া হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
Advertisement
সংস্থাটি মধ্যপ্রাচ্য জুড়ে উড্ডয়নের সময় বাণিজ্যিক বিমানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ইএএসএ জানিয়েছে, তারা এই অঞ্চলের জন্য তাদের সংঘাতপূর্ণ এলাকা সংক্রান্ত সতর্কতা ১ জুলাই পর্যন্ত বাড়িয়েছিল। কিন্তু এখন তা ৮ জুলাই পর্যন্ত বাড়ানো হচ্ছে।
এদিকে ইরানের সঙ্গে চলমান আলোচনা সফল না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক নিয়ে একাধিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র অবশ্যই চায় আলোচনা সফল হোক। তবে আলোচনা ব্যর্থ হলেও ইরানের তুলনায় যুক্তরাষ্ট্র অনেক বেশি শক্তিশালী অবস্থানে থাকবে।
Advertisement
তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক সক্ষমতা ইতোমধ্যেই ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরান কোনো ধরনের হামলা চালালে যুক্তরাষ্ট্র সামরিকভাবে জবাব দেবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে আগেই স্পষ্ট অবস্থান জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
টিটিএন