দেশজুড়ে

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গরুবাহী একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুজন নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার থালতা ভগবানবাজার স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন—নাটোরের সিংড়া উপজেলার লিংগাইন নতুনপাড়া এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে আকতারুল ইসলাম (৪০) এবং বগুড়ার কাহালু উপজেলার পুরসর মধ্যপাড়া এলাকার মৃত এজামউদ্দীনের ছেলে শফিকুল ইসলাম (৭০)। নিহত আকতারুল পেশায় গরুর ব্যবসায়ী ছিলেন এবং শফিকুল ইসলাম ছিলেন বাইসাইকেল আরোহী।

জানা গেছে, শনিবার বিকেলে সাতজন গরু ব্যবসায়ী জয়পুরহাট থেকে একটি ভটভটিতে গরু নিয়ে নাটোরের সিংড়ার দিকে ফিরছিলেন। বিকেল সাড় চারটার দিকে ভটভটিটি নন্দীগ্রামের থালতা ভগবানবাজার স্ট্যান্ড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বৃদ্ধ শফিকুল ইসলাম পাশ দিয়ে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। ভটভটির নিয়ন্ত্রণহীন অবস্থা দেখে তিনিও নিজের সাইকেলের নিয়ন্ত্রণ হারান।

একপর্যায়ে ভটভটিটি উল্টে গিয়ে শফিকুলের সাইকেলের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ভটভটিতে থাকা ব্যবসায়ী আকতারুল ও সাইকেল আরোহী শফিকুল মারা যান।

Advertisement

কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলবি/এমকেআর