বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংহ। অভিনয় দক্ষতা, ব্যতিক্রমী ফ্যাশন এবং প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য বরাবরই আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি ‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের পর ক্যারিয়ারের আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন এই অভিনেতা। সেই সাফল্যের আবহেই জন্মদিন উদযাপন করছেন রণবীর। আর এ সময় নতুন করে আলোচনায় এসেছে তার বিপুল সম্পদের হিসাব।
Advertisement
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে রণবীর সিংহের মোট সম্পদের পরিমাণ প্রায় ৪০০ কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন, ব্যবসা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে এই সম্পদ গড়ে তুলেছেন তিনি।
প্রতিবেদনগুলো বলছে, একটি সিনেমায় অভিনয়ের জন্য রণবীর ৩০ থেকে ৫০ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। ‘ধুরন্ধর’র সাফল্যের পর তার পারিশ্রমিক আরও বেড়েছে বলেও আলোচনা রয়েছে। বর্তমানে তিনি বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন।
২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন রণবীর। এরপর ‘লুটেরা’, ‘গালি বয়’, ‘পদ্মাবত’ এবং ‘বাজিরাও মাস্তানি’র মতো একের পর এক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন। প্রতিটি সফল সিনেমার সঙ্গে বেড়েছে তার জনপ্রিয়তা, পাশাপাশি বেড়েছে পারিশ্রমিকও।
Advertisement
শুধু সিনেমা নয়, বিজ্ঞাপন থেকেও বড় অংকের আয় করেন এই অভিনেতা। ব্যাংক, স্মার্টফোন, খাদ্যপণ্য, ভ্রমণ, প্রসাধনী, পানীয়, ফ্যাশন এবং গাড়িসহ বিভিন্ন খাতের ৪০টিরও বেশি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। এসব ব্র্যান্ডের প্রচারণা থেকেও নিয়মিত মোটা অংকের আয় করেন রণবীর।
অভিনয়ের বাইরে ব্যবসায়ও মনোযোগী তিনি। বিভিন্ন স্টার্টআপ ও নতুন ব্যবসায় বিনিয়োগ করেছেন রণবীর। একাধিক পরিচিত ব্র্যান্ডেও তার অংশীদারত্ব রয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দীর্ঘমেয়াদি সম্পদ গড়ে তোলার কৌশলের অংশ হিসেবেই এসব বিনিয়োগ করেছেন বলে মনে করা হয়।
বিলাসবহুল জীবনযাপনের জন্যও পরিচিত রণবীর। তার ব্যক্তিগত গাড়ির সংগ্রহের মূল্য প্রায় ৩১ কোটি রুপি। সংগ্রহে রয়েছে ল্যাম্বরগিনি, মার্সিডিজ-বেঞ্জ এবং অ্যাস্টন মার্টিনের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের একাধিক দামি গাড়ি।
রিয়েল এস্টেটেও রয়েছে তার বড় বিনিয়োগ। মুম্বাইয়ের বান্দ্রায় প্রায় ১১৯ কোটি রুপি মূল্যের চারতলা একটি বিলাসবহুল বাড়ির মালিক তিনি। এছাড়া ওরলিতে প্রায় ৪০ কোটি রুপি মূল্যের একটি অভিজাত ফ্ল্যাটও রয়েছে তার।
Advertisement
তবে আজকের এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প। ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন রণবীর। কিন্তু অভিনয়ে আসার আগে একটি নামী বিজ্ঞাপনী সংস্থায় কপিরাইটার হিসেবে কাজ করেছিলেন। পরে ‘ব্যান্ড বাজা বারাত’-এ অভিনয়ের সুযোগ পাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
আরও পড়ুন আমিরকে বিয়ে করতেই আলোচনায় গৌরী, ভাইরাল পুরোনো ভিডিওঅভিনয়, বিজ্ঞাপন, ব্যবসা এবং বিচক্ষণ বিনিয়োগ-সব মিলিয়ে রণবীর সিংহ এখন শুধু বলিউডের জনপ্রিয় অভিনেতাই নন, আর্থিক সাফল্যের দিক থেকেও ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত তারকা।
তবে উল্লেখ্য, রণবীর সিংহের সম্পদের পরিমাণ, পারিশ্রমিক ও বিনিয়োগসংক্রান্ত এসব তথ্য বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে। অভিনেতা বা তার টিম এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেননি।
এমএমএফ/এএসএম