ধর্ম

ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত

দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের পর নির্দিষ্ট কিছু জিকির ও আমলের বিশেষ ফজিলত রয়েছে। এগুলো বান্দার আমলনামাকে সমৃদ্ধ করে এবং আখেরাতে নাজাতের মাধ্যম হিসেবে কাজ করে। ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া এ রকম একটি আমল। হাদিসে ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে।

Advertisement

আবু উমামা (রা.) বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনও অন্তরায় থাকবে না। (সুনানে নাসাঈ: ৯৪৪৮)

এই অনন্য ফজিলত ও পুরস্কার লাভ করার জন্য প্রত্যেক মুসলমানেরই ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করা উচিত।

পবিত্র কোরআনের সুরা বাকারার ২৫৫ নং আয়াতকে আয়াতুল কুরসি বলা হয়। এ আয়াতটিতে আল্লাহর একত্ববাদ, মর্যাদা ও গুণের বর্ণনা থাকায় এটির বিশেষ ফজিলত ও বরকত রয়েছে। উবাই ইবনে কা’ব থেকে বর্ণিত রয়েছে, রাসুল (সা.) এ আয়াতটিকে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেছেন। (সহিহ মুসলিম: ৮১০)

Advertisement

রাতে ঘুমানোর আগে এবং সকালে ও সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করারও বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে।

আবু হোরায়রা (সা.) থেকে বর্ণিত কেউ যদি রাতে শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে সকাল পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য একজন হেফাজতকারী থাকে এবং শয়তান তার কাছে যেতে পারে না। (সহিহ বুখারি: ৫০১০)

উবাই ইবনে কাব (রা.) থেকে বর্ণিত যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত জ্বিনের ক্ষতি থেকে হেফাজতে থাকবে এবং যে ব্যক্তি সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করবে, সে সকাল পর্যন্ত জ্বিনের ক্ষতি থেকে হেফাজতে থাকবে। (মুসতাদরাকে হাকেম: ১/৭৪৯)

আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ

আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যুমু লা তা’খুযুহু সিনাতুওঁ ওয়ালা নাওম। লাহু মা ফিসসামাওয়াতি ওয়া মা ফিল আরদ্বি মান যাল্লাজি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ। ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিইয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ্বি ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুওয়াল আলিয়্যুল আজিম।

Advertisement

আয়াতুল কুরসির বাংলা অর্থ

আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না ও নিদ্রাও নয়। আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে, সবকিছু তাঁরই। কে আছে এমন যে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? তাঁদের সামনে কী আছে ও পিছনে কী আছে সবই তিনি জানেন এবং তিনি যা ইচ্ছা করেন তা ছাড়া তারা তাঁর জ্ঞানের কিছুই আয়ত্ব করতে পারে না। তাঁর কুরসি আকাশ ও পৃথিবীকে পরিবেষ্টিত করেছে এবং সেগুলো সংরক্ষণ করতে তাঁর কষ্ট হয় না। এবং তিনিই সর্বোচ্চ ও মহান।

ওএফএফ