আন্তর্জাতিক

ইউক্রেনের পরজীবী সরকারকে জাহাজে হামলার মূল্য চোকাতে হবে: ইরান

কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে গত শনিবার হামলা চালায় ইউক্রেন। জাহাজটি রাশিয়ার আস্ত্রাখান বন্দর থেকে ইরানের আনজালি বন্দরের উদ্দেশ্যে যাত্রার সময় হামলার শিকার হয়। এ হামলায় জাহাজটির ব্রিজ (নিয়ন্ত্রণকক্ষ) ধ্বংস হয়ে যায়।

Advertisement

ইরানের বাণিজ্যিক জাহাজে হওয়া সে হামলার জবাব অবশ্যই দেওয়া হবে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে এ হামলাকে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেন তিনি।

এদিকে, একই ধরনের মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো হামলার মূল্য চোকাতে হয় এবং এর বিরুদ্ধে নেওয়া কোনো পদক্ষেপেরই জবাব না দিয়ে বসে থাকবে না তেহরান।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ আরাঘচি লেখেন, (ইউক্রেনের প্রেসিডেন্ট) জেলেনস্কি একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে একজন নাবিককে হত্যা করেছে। ইউরোপকে যুদ্ধে টেনে আনতে ইসরায়েলের ইন্ধনে পরিচালিত এই হামলা জাতিসংঘ সনদের প্রকাশ্য লঙ্ঘন।

Advertisement

আরাঘচি আরও বলেন, কিয়েভের ওই পরজীবী সরকার যা করেছে, তার জবাব অবশ্যই দেওয়া হবে।

সোমবার (২৭ জুলাই) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইব্রাহিম আজিজি লেখেন, ইরানের ওপর যে কোনো হামলারই মূল্য দিতে হয়, আজও সেই বাস্তবতা অপরিবর্তিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ বিষয়টি খুব ভালোভাবেই জানে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (২৫ জুলাই) ভোরে কাস্পিয়ান সাগরে ইউক্রেনীয় বাহিনী ইরানের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায়। এতে একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হন।

সূত্র: ইরনা/মেহের নিউজ এজেন্সি

Advertisement

কেএম