আইন-আদালত

এবার আত্মহত্যাচেষ্টা মামলায় প্রিন্স মামুনকে গ্রেফতার দেখানোর আবেদন

যৌতুক মামলায় কারাগারে থাকা কনটেন্ট ক্রিয়েটর আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে এবার আত্মহত্যার চেষ্টা সংক্রান্ত মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে। ভাটারা থানার পুলিশের করা এ আবেদনের শুনানির জন্য আগামী ২৯ জুলাই দিন ধার্য রয়েছে।

Advertisement

সোমবার (২৭ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াউর রহমান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে এ আবেদন দাখিল করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৪ জুলাই দিনগত রাতে রাজধানীর ভাটারা এলাকার বাসায় অবস্থানকালে প্রিন্স মামুন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন। ওই লাইভে তিনি বেডরুমের সিলিং ফ্যানের সঙ্গে তার স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনার ব্যবহৃত একটি শাড়ি বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন এবং এ ঘটনার জন্য মোহনা ও তার পরিবারের সদস্যদের দায়ী করে বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়েছে।

লাইভটি দেখে মোহনা, তার মা, স্বজন এবং মামুনের বাবা-মা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে পুলিশ সদস্যদের সহায়তায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

Advertisement

আরও পড়ুন এক কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার প্রিন্স মামুন কারাগারে 

ঘটনার পর আতিকিয়া ফাইজাহ মোহনা বাদী হয়ে ভাটারা থানায় বাংলাদেশ দণ্ডবিধির ৩০৯ ধারায় আত্মহত্যার চেষ্টার অভিযোগে পৃথক মামলা দায়ের করেন।

এর আগে একই দিন সকালে এক কোটি টাকা যৌতুক দাবি এবং যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রিন্স মামুনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন মোহনা। ওই মামলায় গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

যৌতুক মামলায় কারাগারে থাকা অবস্থাতেই আত্মহত্যার চেষ্টা মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে।

বাংলাদেশ দণ্ডবিধির ৩০৯ ধারা অনুযায়ী, আত্মহত্যার চেষ্টা একটি শাস্তিযোগ্য অপরাধ। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।

Advertisement

আসামিপক্ষের আইনজীবী পলাশ চন্দ্র রয় বলেন, ভিডিওতে যে ঘটনা দেখা গেছে, সেটিকে কেন্দ্র করেই মামলাটি হয়েছে। তবে শুনানির দিন আদালতের কাছে আবেদন করা হবে, যাতে এই মামলায় প্রিন্স মামুনকে শোন অ্যারেস্ট না দেখানো হয়।

এমডিএএ/এসএনআর