খেলাধুলা

মাঠে নেমেই হ্যাটট্রিক করলেন বিশ্বকাপে সুযোগ না পাওয়া ব্রাজিল তারকা

নতুন কোচ জাবি আলোনসোর অধীনে প্রথম ম্যাচেই গোলের বন্যা দেখালো চেলসি। তবে জয়টা যতটা স্বস্তির, রক্ষণভাগের পারফরম্যান্স ততটাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সকে ৬-৪ গোলে হারিয়েছে ব্লুজরা।

Advertisement

১০ গোলের এই রোমাঞ্চকর ম্যাচে একসময় ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল চেলসি। কিন্তু শেষ দিকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হোয়াও পেদ্রোর দুর্দান্ত হ্যাটট্রিকে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে ইংলিশ ক্লাবটি। আলোনসোর চেলসি অধ্যায়ের শুরুটা তাই হলো নাটকীয় এক জয় দিয়ে।

এই হোয়াও পেদ্রো গত মৌসুমে দারুণ পারফরম্যান্স করার পরও গত বিশ্বকাপে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির নজর কাড়তে পারেননি হোয়াও পেদ্রো। কিন্তু তাকে দলে না নেওয়া যে কত বড় ভুল ছিল, সেটা চেলসির হয়ে প্রাক মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নেমেই প্রমাণ করে দিলেন পেদ্রো।

পাঁচবার বদলেছে ম্যাচের নিয়ন্ত্রণ

Advertisement

সিডনির অ্যাকর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই। পাঁচবার বদলেছে ম্যাচের লিড। এক পর্যায়ে মনে হচ্ছিল, নতুন কোচের অভিষেক ম্যাচেই বড় অস্বস্তিতে পড়তে যাচ্ছে চেলসি।

রাগবি ম্যাচের কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত মাঠে তরুণদের নিয়ে একাদশ সাজিয়েছিলেন আলোনসো। শুরুতে চেলসির হয়ে মাঠে নামেন অভিজ্ঞ ডিফেন্ডার তোসিন আদারাবিওয়ো, লিয়াম ডেলাপ ও দারিও এসুগো। অভিষেক ম্যাচেই গোল করে দলকে এগিয়ে দেন দাস্তান সাতপায়েভ।

তবে স্বাগতিক ওয়েস্টার্ন সিডনি বারবার চেলসির দুর্বল রক্ষণ কাজে লাগিয়ে ম্যাচে ফেরে। আক্রমণে চেলসি যতটা ভয়ংকর ছিল, রক্ষণে ততটাই অগোছালো দেখা গেছে তাদের।

পেদ্রোর ঝড়ে শেষ মুহূর্তে জয়

Advertisement

দ্বিতীয়ার্ধে চেলসি যখন পিছিয়ে পড়ে, তখন মূল দলের কয়েকজন তারকাকে মাঠে নামান আলোনসো। আর তাতেই বদলে যায় ম্যাচের চিত্র।

হোয়াও পেদ্রো হয়ে ওঠেন ম্যাচের নায়ক। শেষ দিকে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার দুর্দান্ত পারফরম্যান্সেই চেলসি ৬-৪ গোলের জয় তুলে নেয়।

ম্যাচ শেষে পেদ্রোর প্রশংসা করে আলোনসো বলেন, ‘সে খুব ক্ষুধার্ত। দারুণ একটি মৌসুম কাটানোর জন্য সে সত্যিই অনেক দৃঢ়প্রতিজ্ঞ। সে অনেক গোল করেছে, কিন্তু আরও বেশি গোল করতে চায়।’

আক্রমণে স্বস্তি, রক্ষণে বড় প্রশ্ন

চেলসির আক্রমণভাগ এই ম্যাচে ইতিবাচক বার্তা দিয়েছে; কিন্তু রক্ষণ নিয়ে আলোনসোর সামনে বড় কাজ অপেক্ষা করছে। তরুণ ডিফেন্স বারবার ভুল করেছে এবং প্রতিপক্ষ সেই সুযোগ কাজে লাগিয়েছে।

অ্যান্থনি প্যানজোপোলাস ও এইডান হ্যামন্ড চেলসির রক্ষণ দুর্বলতার সুযোগ নিয়ে গোল করেন। ডিলান সিসিলুনার একটি ডিফ্লেক্টেড ক্লিয়ারেন্স থেকেও গোল পায় ওয়েস্টার্ন সিডনি।

এমনকি প্রথম দলের খেলোয়াড়রা মাঠে নামার পরও ভুল কমেনি। এস্তেভাওয়ের একটি ভুল পাস থেকে আউয়ান লুয়াল আরেকটি গোল করেন। ফলে আক্রমণাত্মক শক্তি দিয়ে রক্ষণভাগের দুর্বলতা ঢাকতে হয়েছে চেলসিকে। তবে বেঞ্চ থেকে নেমে তরুণ জেমি গিটেন্সও নজর কেড়েছেন। মাঠে নামার পরপরই গোল করে নিজের ভালো ফর্ম ধরে রেখেছেন তিনি।

টটেনহ্যাম পরীক্ষার আগে সতর্ক আলোনসো

প্রথম ম্যাচে জয় পেলেও চেলসির রক্ষণ নিয়ে সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই আলোনসোর। প্রিমিয়ার লিগ মৌসুম শুরুর আগে দলকে আরও সংগঠিত করতে হবে স্প্যানিশ কোচকে।

প্রাক-মৌসুমে এখনো পাঁচটি ম্যাচ বাকি আছে চেলসির। এর মধ্যেই রক্ষণভাগের সমস্যা কাটিয়ে একটি নির্ভরযোগ্য কৌশল তৈরি করতে চান আলোনসো। আগামী শনিবার সিডনিতেই লন্ডন প্রতিদ্বন্দ্বী টটেনহ্যামের বিপক্ষে মাঠে নামবে চেলসি। নতুন কোচের জন্য সেটিই হবে আরও কঠিন পরীক্ষা।

আইএইচএস/