ভোগবাদী রাজনীতি দেশ ও জাতির জন্য কল্যাণকর নয় উল্লেখ করে সংশ্লিষ্টদের এ অশুভ বৃত্ত থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সেলিম উদ্দিন। তিনি বলেন, জনগণের প্রকৃত ভাগ্য পরিবর্তন করতে হলে রাজনীতি থেকে অসৎ নেতৃত্বকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে।
Advertisement
বুধবার (২৯ জুলাই) রাজধানী বাড্ডার স্থানীয় একটি মিলনায়তনে জামায়াত ঢাকা মহানগরী উত্তরের বাড্ডা থানা দক্ষিণের উদ্যোগে স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় ও এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানা আমির মাসুদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা ও ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মারুফ।
সেলিম উদ্দিন বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দী অতিক্রান্ত এবং বারবার সরকার পরিবর্তন হলেও দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। সব সরকারই জনগণের ভাগ্য পরিবর্তনের কথা বললেও তারা নিজেদের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট থেকেছে। দেশের আইনের শাসনের পরিবর্তে প্রতিষ্ঠিত হয়েছে স্বেচ্ছাতন্ত্র। দেশকে পরিণত করা হয়েছে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, অপহরণসহ অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্যে।
Advertisement
তিনি বলেন, রাজনীতিতে অসৎ নেতৃত্বের কারণেই আমরা রাষ্ট্রের কল্যাণকামীতা থেকে বঞ্চিত হয়েছি। তাই জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে অসৎ নেতৃত্ব রাজনীতি থেকে ঝাটিয়ে তাড়াতে হবে। অন্যথায় আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না।
তিনি আরও বলেন, নির্বাচিত প্রতিনিধিদের কাছে নগর প্রশাসনের দায়িত্ব না থাকায় নগরীর কোনো সমস্যার সমাধান হচ্ছে না বরং যতই দিন যাচ্ছে সার্বিক পরিস্থিতির ততই অবনতি হচ্ছে। পুরো নগরীই এখন অপরিচ্ছন্ন ও ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পানিবদ্ধতা নগর জীবনকে রীতিমতো দুর্বিষহ করে তুলেছে। বর্জ্য ব্যবস্থাপনাও সেকেলে। পয়োঃনিস্কাষণেও নেই আধুনিকতার ছোঁয়া। মশক নিধনে নেই কার্যকর পদক্ষেপ। নগরীর যোগাযোগ ও গণপরিবহনও জনবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব হয়নি। মানহীন যানবাহনের কালো ধোঁয়ায় নগরীর বায়ূ দূষণ এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।
এমতাবস্থায় নগরীর সার্বিক সমস্যা সমাধানের জন্য কাউন্সিলর থেকে মেয়র পর্যন্ত সব স্তরের সৎ, যোগ্য ও আল্লাহভীরু লোকদের বসানোর কথা বলেন তিনি।
এমইউ/এমআইএইচএস/
Advertisement