ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের দুটি আবাসিক হলে মশক নিধনে (এডাল্টিসাইডিং) ব্যবহৃত ফগার মেশিন বিতরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম ‘বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল’ ও ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে একটি করে ফগার মেশিন হস্তান্তর করেন।
Advertisement
গত ১৩ জুলাই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বানে ডিএসসিসি প্রশাসক হল দুটি সরেজমিনে পরিদর্শন করেন। এসময় হলগুলোতে বিদ্যমান জলাবদ্ধতা পর্যবেক্ষণের পাশাপাশি মশক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের ফগার মেশিন বরাদ্দের প্রতিশ্রুতি দেন তিনি।
আরও পড়ুন মশা কেন কিছু মানুষকে বেশি কামড়ায়? গবেষণায় উঠে এল আসল রহস্যফগার মেশিন হস্তান্তর অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, আসন্ন ডেঙ্গু মৌসুমে এডিস মশা প্রতিরোধে আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ প্রত্যাশা করছি। ফগার মেশিনের সঠিক ব্যবহারে হলের শিক্ষার্থীরা ডেঙ্গু ও এডিস মশার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবেন।
ডেঙ্গু প্রতিরোধ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় সাধারণ নাগরিকদের সচেতন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Advertisement
অনুষ্ঠানে হল দুটির প্রশাসন, ছাত্রদল ঢাবি শাখার নেতৃবৃন্দ এবং ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএমএ/এমকেআর