ভারতের আসামে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত লাখো মানুষ। বানভাসী সেইসব মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকা সালমান খান ও আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা তৈরি থেকে শুরু করে ত্রাণ সহায়তা- দুজনই নিজ নিজ অবস্থান থেকে বন্যাদুর্গতদের সহায়তায় কাজ করছেন।
Advertisement
আলিয়া ভাট সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আসামের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরে জানান, বন্যায় ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। অনেক পরিবার হারিয়েছে তাদের বসতভিটা, কৃষিজমি, গবাদিপশু এবং স্বজনদের।
তিনি লেখেন, এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জরুরি ত্রাণ সহায়তা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠপর্যায়ে কাজ করা বিভিন্ন সংস্থার তথ্য ও যোগাযোগের মাধ্যম শেয়ার করবেন। যাতে সাধারণ মানুষও সহায়তায় এগিয়ে আসতে পারেন।
অন্যদিকে, নিজের দাতব্য সংস্থা ‘বিং হিউম্যান’ -এর মাধ্যমে বন্যাদুর্গতদের জন্য ত্রাণ কার্যক্রম শুরু করেছেন সালমান খান। একটি ফ্যান ক্লাবের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত এলাকায় শুকনা খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে।
Advertisement
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ত্রাণ কার্যক্রমের পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য রেশন, ঘরবাড়ি মেরামতের সহায়তা, ওষুধ, বিশুদ্ধ পানি, স্যানিটারি প্যাড এবং মশার কয়েল সরবরাহ করা হবে।
উল্লেখ্য, জুলাই মাসের মাঝামাঝি থেকে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ভারতের আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। শিবসাগর, চরাইদেও, জোরহাটসহ একাধিক জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বহু মানুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এলআইএ
Advertisement