দেশজুড়ে

দুর্গাসাগর লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি

বরিশালের প্রায় আড়াইশ বছরের ঐতিহ্যবাহী দুর্গাসাগরের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ভূমি মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

Advertisement

বুধবার (২৯ জুলাই) দুপুরে বরিশাল সদর ও বাবুগঞ্জ উপজেলাবাসীর পক্ষে জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের কাছে তার কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে উল্লেখ করা হয়েছে, জনসাধারণের একমাত্র পর্যটন স্পট হচ্ছে বরিশাল শহর সংলগ্ন বাবুগঞ্জের দুর্গাসাগর দিঘি, যা পাখির অভয়াশ্রম ও প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি।

স্মারকলিপি প্রদান করা ইনজামুল হক, তারেকুল ইসলামসহ অন্যরা জানিয়েছেন, এ দুর্গাসাগর বরিশালবাসীর একমাত্র দর্শনীয় স্থান। বর্তমানে দিঘিটি লিজ দেওয়ার প্রক্রিয়া চলছে। এই দিঘি ব্যক্তি সাধারণের কাছে লিজ দেওয়া হলে, প্রাকৃতিক সম্পদ বিনষ্ট হওয়ার প্রবল আশঙ্কা থাকবে। ব্যক্তি সাধারণ লিজ নিলে দ্রুত মাছ বৃদ্ধির জন্য দিঘিতে কীটনাশক সার ব্যবহারসহ জাল ফেলবে। এতে পাখির অভয়াশ্রম রক্ষা করা যাবে না। পাশাপাশি এখানে মাদকের আখড়া, সরকারি সম্পদ লুটপাটের শঙ্কা তৈরি হবে। যে কারণে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবনতির দিকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ঐতিহ্যবাহী দুর্গাসাগরটি লিজ দেওয়া হলে সাধারণ জনগণ হারাবে একমাত্র দর্শনীয় স্থান। কারণ এ অঞ্চলে সরকারি-বেসরকারি তেমন কোনো বিনোদন স্পট নেই বললেই চলে। তাছাড়া শৌখিন মৎস্য শিকারিদের জন্য একমাত্র সরকারি স্পট হলো দুর্গাসাগর। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শৌখিন শিকারিরা মৎস্য শিকার করতে আসেন। এটি বেসরকারি খাতে দেওয়া হলে বরিশালে আর কোনো সরকারি মৎস্য শিকারের জায়গা থাকবে না।

Advertisement

যে কারণে এ অঞ্চলের জনসাধারণের কথা চিন্তা করে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিঘি লিজ দেওয়ার প্রক্রিয়া বাতিল করে, দুর্গাসাগরের অবকাঠামো সংস্কার করে শিশু, পর্যটক ও শৌখিন মৎস্য শিকারিবান্ধব পরিবেশ তৈরি করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, স্মারকলিপিতে ঐতিহ্যবাহী দুর্গাসাগরে পাখির অভয়ারণ্য ও প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য রক্ষার জন্য লিজ প্রক্রিয়া বাদ দিয়ে সরাসরি সরকারের তত্ত্বাবধানে সংস্কার করে বাণিজ্যিক এবং লাভজনক শিল্পে রূপান্তর করার জন্য জোর দাবি করা হয়েছে।

বরিশাল সদর ও বাবুগঞ্জের সর্বস্তরের জনগণের পক্ষে স্মারকলিপির অনুলিপি দেওয়া হয়েছে বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, বরিশাল বিভাগীয় কমিশনার ও বাবুগঞ্জ উপজেলা প্রশাসককে।

স্মারকলিপি গ্রহণের সত্যতা স্বীকার করে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, যথাযথ প্রক্রিয়ায় স্মারকলিপি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

তথ্যানুযায়ী, বরিশালের জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মারযুক রহমান রিফাত স্বাক্ষরিত গত ২ জুনের একটি সরকারি স্মারকে জানা গেছে, চলতি বছরের ১০ মে বরিশালের বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে তার কার্যালয়ে দুর্গাসাগর দিঘি ও পাখি অভয়ারণ্যের সার্বিক ব্যবস্থাপনাসংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় দুর্গাসাগর দিঘি এবং পাখি অভয়ারণ্য প্রকল্প ইজারা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

শাওন খান/কেজে/জেআইএম