বিনোদন

কেন বাবার পরিচয় দিতে চান না টম ক্রুজের মেয়ে, বদলে ফেললেন পদবি

হলিউড তারকা টম ক্রুজ ও অভিনেত্রী কেটি হোমসের একমাত্র মেয়ে সুরি আবারও আলোচনায়। দীর্ঘদিন বাবার থেকে দূরে থাকার পর এবার আনুষ্ঠানিকভাবেই নিজের নাম থেকে বাবার পদবী ‘ক্রুজ’ বাদ দিয়েছেন তিনি।

Advertisement

আরও পড়ুন মেসির জন্য হলিউডেও বদলে যায় সব নিয়ম, গোপন তথ্য ফাঁস করলেন অভিনেতা

আন্তর্জাতিক বিনোদনমাধ্যম এন্টারটেইনমেন্ট উইকলির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১৮ বছর বয়সী সুরির ভোটার নিবন্ধনের নথিতে তার নাম নিবন্ধিত হয়েছে ‘সুরি নোয়েল’ হিসেবে। ‘নোয়েল’ হলো তার মা কেটি হোমসের মধ্যনাম।

এর আগেও ২০২৪ সালে নিউইয়র্কের লা গার্ডিয়া হাই স্কুল থেকে স্নাতক সম্পন্ন করার সময় সনদপত্রে ‘সুরি নোয়েল’ নাম ব্যবহার করেছিলেন তিনি। তবে ভোটার নিবন্ধনের মাধ্যমে এবার প্রথমবারের মতো সরকারি নথিতেও নতুন পরিচয়টি আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো।

কিন্তু কেন এই সিদ্ধান্ত নিয়েছেন সুরি সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায় না। তবে ধারণা করা হচ্ছে, মায়ের সঙ্গে বাবার বিচ্ছেদ ভালোভাবে গ্রহণ করেননি সুরি। এ সম্পর্ক ভাঙার জন্য তার রাগ বা অভিমান বাবার উপর। সেজন্যই বাবার সঙ্গে নিজের সম্পর্কটাও আর রাখতে চান না তিনি। বাবার পদবী বাদ দিয়ে সেই ইঙ্গিতই দিয়েছেন।

Advertisement

টম ক্রুজ ও কেটি হোমসের বিচ্ছেদ হয় ২০১২ সালে। এরপর থেকেই সুরি মায়ের কাছেই বড় হয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনের দাবি, গত প্রায় ১৪ বছরে টম ক্রুজের সঙ্গে তার সরাসরি যোগাযোগ বা দেখা-সাক্ষাৎ খুবই সীমিত ছিল।

২০০৫ সালে সম্পর্কে জড়ানোর পর ২০০৬ সালে ইতালিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন টম ক্রুজ ও কেটি হোমস। একই বছর জন্ম হয় সুরির। তবে দাম্পত্যের পাঁচ বছর পর ২০১২ সালে বিচ্ছেদের আবেদন করেন কেটি।

আরও পড়ুন ১০ দিনেই আয় ৭ হাজার কোটি / যে ৫টি কারণে বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

বাবা-মেয়ের দূরত্বের বিষয়টি নতুন করে আলোচনায় আসে ২০২৪ সালে সুরির হাই স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে। জীবনের গুরুত্বপূর্ণ সেই দিনে টম ক্রুজ উপস্থিত ছিলেন না। সে সময় তাকে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে পপ তারকা টেলর সুইফটের ‘ইরাস ট্যুর’ কনসার্টে দেখা যায়।

নাম থেকে ‘ক্রুজ’ পদবী বাদ দিয়ে ‘নোয়েল’ গ্রহণের সিদ্ধান্তকে অনেকেই সুরির ব্যক্তিগত পরিচয় ও স্বাধীন সিদ্ধান্তের প্রতীক হিসেবে দেখছেন। তবে এ বিষয়ে টম ক্রুজ, কেটি হোমস বা সুরির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Advertisement

 

এলআইএ