কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। খেলতে গিয়ে ছোট বোন পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে নেমে প্রাণ হারায় চার বছরের ভাইও।
Advertisement
বুধবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো, খলাপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে রিফাত মিয়া (৪) ও মেয়ে সাফা আক্তার (২)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে এলাকার অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল রিফাত ও সাফা। একপর্যায়ে সাফা অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে বড় ভাই রিফাতও পানিতে নেমে তলিয়ে যায়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে দ্রুত মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Advertisement
মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসকে রাসেল/এফএ/জেআইএম
Advertisement