দেশজুড়ে

হবিগঞ্জের পথে ট্রাক-ব্যারিকেড, সকালে সিলেট যাবেন এনসিপি নেতারা

হবিগঞ্জের পৌর এলকায় ১৪৪ ধারা জারি করার পর মৌলভীবাজার থেকে হবিগঞ্জে পুলিশি বাধার মুখে প্রবেশে করতে না পেরে প্রায় ৫ ঘণ্টা পর আবারও মৌলভীবাজারে ফিরে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। হবিগঞ্জ যাওয়ার পথে তারা কখনো পুলিশের ব্যারিকেড, কখনো খালি ট্রাক রাস্তায় রাখার কারণে বাধার সম্মুখীন হন।

Advertisement

বুধবার (২৯ জুলাই) রাতে তারা মৌলভীবাজার সার্কিট হাউজে পৌঁছান। সেখানে রাতযাপন শেষে বৃহস্পতিবার সকালে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে।

মৌলভীবাজার জেলা এনসিপির আহ্বায়ক খালেদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এনসিপির কেন্দ্রীয় নেতারা বুধবার রাতে মৌলভীবাজার সার্কিট হাউজে অবস্থান করবেন। বৃহস্পতিবার সিলেটে দলের পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। সকালে তারা সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হবেন।

হবিগঞ্জে তাদের প্রবেশ না করার বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ বলেন, নিরাপত্তার স্বার্থে তাদের শহরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে তারা কামাইছড়া পুলিশ ফাঁড়িতে বসেই মঙ্গলবারের হামলার ঘটনায় অভিযোগ দিয়েছেন।

Advertisement

আরও পড়ুন অবশেষে জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা এনসিপির

এর আগে, বুধবার বিকেল ৩ টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউজ থেকে ১৪৪ ধারার মধ্যে হবিগঞ্জের উদ্দেশ্যে গাড়িবহর নিয়ে রওয়ানা হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রথমে বিকেল সাড়ে ৪টার দিকে এনসিপির গাড়িবহর শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের শ্রীমঙ্গল ‘চা-কন্যা’ ভাস্কর্য এলাকায় গেলে পুলিশ সড়কে ব্যারিকেড দিয়ে গাড়িবহরের গতিরোধ করে।

এ সময় খালি ট্রাক সড়কের ওপর দাঁড় করিয়ে রাখে পুলিশ। এক পর্যায় পুলিশের সঙ্গে তুমুল বাকবিতন্ডা হয় দলের কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটওয়ারী, সারজিস আলমসহ অন্যদের। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে পুলিশকে ঠেলে গাড়িবহর সামনে নিয়ে আসেন এনসিপির নেতাকর্মীরা। তবে, কিছু দূর যাওয়ার পর হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ড এলকায় ফের পুলিশের বাধায় আটকা পরে গাড়িবহর।

পুলিশের বাধা অতিক্রম করে সেখান থেকে একটু দূর যাওয়ার পর কামাইছড়া এলাকয় ফের পুলিশের ব্যারিকেডে আটকা পড়ে এনসিপির গাড়ি বহর। এ সময় গাড়ি থেকে নেমে রাস্তায় বসে পরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ নেতাকর্মীরা। পরে পুলিশের সঙ্গে দীর্ঘ আলোচনার পর পুলিশ এনসিপির নেতাদের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দেওয়ার কথা বলে।

পরে রাত ৮টায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৫ সদস্যোর একটি প্রতিনিধিদল হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডা. মাহমুদা মিতু ও সারোয়ার আলম।

হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা যুব শক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদি হয়ে মামলা করেছেন। মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদেলের সভাপতি রাজিব আহমেদকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া, আরও ১০০ জনকে অজ্ঞাত আসামি দেওয়া হয়েছে।

মাহিদুল ইসলাম/এএমএ