রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে চলছে তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ মেলা ২০২৬। যেখানে মূল্যছাড় ও বিভিন্ন প্যাকেজ নিয়ে হজযাত্রী ও ওমরাহ পালনে ইচ্ছুকদের সামনে হাজির হয়েছে ১৩৩ এজেন্সি। মেলা চলাকালীন ১০ জনের হজের গ্রুপ বুকিং দিলেই ১ জনকে বিনামূল্যে ওমরাহ করার সুযোগ দিচ্ছে মাবরুর এয়ার ট্রাভেলস।
Advertisement
মেলায় বুকিং দিলে হজে ১০০ রিয়াল বা ৩৩০০ টাকা মূল্যছাড় ও ওমরাহতে ৫০০ রিয়াল মূল্যছাড় দিচ্ছে মক্কা মদিনা ট্রাভেল সার্ভিসেস।
এছাড়া, ৫ লাখ ১৩ হাজার টাকা থেকে শুরু করে ২০ লাখ টাকার হজ প্যাকেজ নিয়ে এসেছে এজেন্সিগুলো। তবে, হজ ও ওমরাহতে যেতে ইচ্ছুক ধর্মপ্রাণ মুসল্লিরা বলছেন, হোটেলের দুরত্ব, সুযোগ-সুবিধা দেখেই তারা হজ ও ওমরাহ প্যাকেজ কিনতে চান। হজ মেলার আয়োজন করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব)।
শুক্রবার (৩১ জুলাই) সকালে সম্মেলনকেন্দ্রে ঢুকতেই চোখে পড়ে নানান বয়সী মানুষ- তরুণ থেকে প্রবীণ। সবাই যেন একসঙ্গে ছুটে এসেছেন পবিত্র হজ বা ওমরাহর প্রস্তুতি ও পরিকল্পনা সাজাতে। দর্শনার্থীদের জন্য খেজুর, কফি, চকলেট নিয়ে অপেক্ষা করছেন এজেন্সির প্রতিনিধিরা। কেউ ভিআর যন্ত্র দিয়ে দেখাচ্ছেন হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা। কেউ আবার মিনিয়েচার ম্যাপে দেখাচ্ছেন হজের বিভিন্ন স্থান ও কার্যক্রম।
Advertisement
মাবরুর এয়ার ট্রাভেলসের একাউন্ট ম্যানেজার সাইফ বলেন, মক্কা ও মদিনার ৮০০ মিটার দুরত্বে এসি-লিফটসহ সরকার অনুমোদিত হোটেল দিচ্ছি আমরা মাত্র ৫ লাখ ৮০ হাজার টাকা প্যাকেজে। এছাড়া ৭ লাখ, ৮ লাখ ও ১৬ লাখ টাকার প্যাকেজও আমরা দিচ্ছি।
৫ লাখ ১৩ হাজার টাকায় ইকোনমি হজ প্যাকেজ দিচ্ছে আকিজ হজ কাফেলা। প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ হাসিবুল হাসান বলেন, এই প্যাকেজ হজ প্রশিক্ষণ সুবিধা, মক্কা-মদিনায় ৬০০-৯০০ মিটারের মধ্যে হোটেল থাকছে।
৫ লাখ ১৫ হাজার টাকায় সাধারণ হজ প্যাকেজে দিচ্ছে জেয়ারতে বাইতুল্লাহ ট্রাভেলস লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালক জাহিদুল ইসলাম বলেন, গত বছর আমরা সর্বোচ্চ হজযাত্রী পাঠিয়েছি। যারা হজে যান তাদের ৯০ শতাংশই নতুন যাত্রী। এজন্য আমরা তাদের জন্য দেখভালের ব্যবস্থা করি। সর্বোচ্চ আন্তরিকতা থাকে আমাদের দিক থেকে।
৫ তারকা হোটেল ও ভিআইপি তাঁবুসহ ১৮-২০ দিনের ভিআইপি প্যাকেজ ১৪ লাখ টাকায় দিচ্ছে গোল্ডেন বেঙ্গল ট্যুরস অ্যান্ড ট্রাভেল।
Advertisement
স্বত্ত্বাধিকারী নাসির উদ্দিন বলেন, হজ ও ওমরাহ যাত্রীদের প্যাকেজ নেওয়া উচিত হোটেলের দূরত্ব দেখে।। কম টাকায় প্যাকেজ নিয়ে অনেক হজযাত্রী ভোগান্তিতে পড়েন।
দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় কেউ খরচের হিসাব নিচ্ছেন, কেউ বা সৌদি আরবে থাকার ব্যবস্থা কেমন হবে তা জানছেন, আবার কেউ সরাসরি বিমান টিকিট ও হোটেলের মান যাচাই করছেন।
আরও পড়ুন হজের প্যাকেজ হচ্ছে দুটি, কমছে না খরচঘুরে দেখা যায়, বিভিন্ন স্টলের কর্মীরা ধৈর্য ধরে সব প্রশ্নের উত্তর দিচ্ছেন। ব্যবসায়ী জাহিরুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে মেলায় এসেছেন। জাগো নিউজকে তিনি বলেন, ২০২৭ সালে হজ করার নিয়ত করেছি। এজন্য বিভিন্ন স্টলে ঘুরছি। সুযোগ-সুবিধা সম্পর্কে জানছি। সবকিছু দেখে ভালো একটা এজেন্সি থেকে প্যাকেজ নেবো।
এহসান এয়ার ট্রাভেলসের সামনে কথা হয় চাকুরিজীবী মনিরুল হকের সঙ্গে। তিনি বলেন, বাবা-মাকে ওমরাহতে পাঠাবো। বয়স্ক মানুষ তারা, নিরাপদে ওমরাহ করানো যাবে, তাদের ভালো দেখাশোনা হবে-এমন এজেন্সি খুজঁছি।
হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জাগো নিউজকে বলেন, এই মেলায় অংশ নেওয়ায় এজেন্সি গুলো আমাদের সদস্য। হজযাত্রীদের সঙ্গে প্রতারণা হওয়ার সুযোগ নেই। কোন হজযাত্রী যদি চুক্তি মাফিক কোন সুবিধা না পান তাহলে অভিযোগ করার সুযোগ আছে। গত বছর কোনো অভিযোগ জমা পড়েনি।
তিনি আরও বলেন, অনিয়ম করে ঢাকার বাইরের অনিবন্ধিত এজেন্সিগুলো। এ কারণে আগামীতে বিভিন্ন জেলায় হজ মেলা আয়োজন করা হবে।
এসএম/এএমএ