ক্যাম্পাস

আইনের তোয়াক্কা না করে দলীয় পদে বহাল নোবিপ্রবির উপ-উপাচার্য

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‌‘সাদা দল’র সভাপতির দায়িত্বেও বহাল রয়েছেন। বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা ও সরকারি আইন অমান্য করে তার এ অবস্থান নিয়ে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের ভাষ্য, উপ-উপাচার্য একটি পূর্ণকালীন নীতিনির্ধারণী প্রশাসনিক পদ। এ পদে থাকা ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে দলীয় শিক্ষক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করলে প্রশাসনিক নিরপেক্ষতা ও স্বার্থের সংঘাত (Conflict of Interest) নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।

জানা গেছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার পদে প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার বা রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করেন। ফলে তারা সরকারি পদের প্রশাসনিক মর্যাদা ধারণ করেন। সরকারি কর্মকর্তা (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর বিধি ২৫(১) এ বলা আছে ‘কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক কাজ করে এমন কোনো সংগঠনের সদস্য হতে পারবেন না, কিংবা অন্য কোনো উপায়ে তার সঙ্গে নিজেকে সংশ্লিষ্ট করতে পারবেন না।

এছাড়াও, বিধি ২৫(২) এ বলা হয়েছে, সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দায়িত্বে থাকা কোনো ব্যক্তি রাজনৈতিক দলের প্রচার-প্রচারণা, নির্বাচনে অংশগ্রহণ বা দলীয় পদের দায়িত্ব সামলাতে পারবেন না।

Advertisement

তাছাড়া ,বিশ্ববিদ্যালয় আইন ও ইউজিসি অনুযায়ী, ভিসি (উপাচার্য), প্রো-ভিসি (উপ-উপাচার্য) এবং ট্রেজারার (কোষাধ্যক্ষ) পদগুলো হলো সার্বক্ষণিক প্রাধিকারভুক্ত প্রশাসনিক পদ। একজন সাধারণ শিক্ষক ক্লাসের বাইরে শিক্ষক রাজনীতি করতে পারলেও, তিনি যখন ইউজিসি ও সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে ‘প্রো-ভিসি’ হিসেবে দায়িত্ব পান, তখন তার প্রধান আইনি বাধ্যবাধকতা হয় সার্বক্ষণিক প্রশাসনিক দায়িত্ব পালন করা এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীর জন্য নিরপেক্ষ অভিভাবক হিসেবে কাজ করা। দলীয় শিক্ষক সংগঠনের যে-কোনো পদে বহাল থাকা অবস্থায় প্রশাসনিক উপ-উপাচার্যের দায়িত্বে থাকলে সরাসরি ‘Conflict of Interest’ বা স্বার্থের সংঘাত তৈরি হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৯ আগস্ট অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের জরুরি সভায় দেশের তৎকালীন পরিস্থিতি বিবেচনায় নোবিপ্রবিতে রাজনৈতিক কার্যক্রমের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে।

ওই আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীর নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা কোনো দলীয় রাজনৈতিক সংগঠন, সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন বা ভ্রাতৃপ্রতিম সংগঠনের সঙ্গে প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে সম্পৃক্ত হয়ে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। পাশাপাশি ক্যাম্পাসে সব ধরনের দলাদলি নিষিদ্ধ করা হয়।

এছাড়া, নোবিপ্রবি আইন ২০০১-এর ধারা ৪৭ (৫) ও (৬) এর উদ্ধৃতি দিয়ে প্রশাসনের ওই আদেশে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কোনো দলীয় রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারবেন না এবং রাজনৈতিক মতাদর্শ প্রচারেও অংশ নিতে পারবেন না।

Advertisement

তবে এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এটা তো কোনো দলীয় রাজনৈতিক দল না। আমরা এমনিতেই আমাদের সাদাদলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানিয়েছি।

তিনি আরও বলেন, এ ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদে থেকে এ ধরনের সংগঠনের সঙ্গে যুক্ত না থাকাই ভালো।

কেএইচকে/জেআইএম