দেশজুড়ে

বগুড়ায় বকেয়া আদায়ে ফল মার্কেটে সিটি করপোরেশনের অভিযান

বগুড়া শহরের সাতমাথা সংলগ্ন ফল মার্কেটে বকেয়া ভাড়া আদায়ের লক্ষ্যে বিশেষ অভিযান চালিয়েছে সিটি করপোরেশন।

Advertisement

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে বকেয়া পরিশোধে ব্যর্থ নয়টি দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় এবং সোমবারের (৩ জুলাই) মধ্যে পাওনার অন্তত অর্ধেক পরিশোধের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেন ভ্রাম্যমাণ আদালত।

সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহা. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় হাট-বাজার পরিদর্শক আব্দুল হাইসহ করপোরেশনের নিয়োগকৃত স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা সদস্যরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, সাতমাথার ঐতিহ্যবাহী সপ্তপদী মার্কেট সংলগ্ন ওই ফল মার্কেটের ১০টি দোকান থেকে করপোরেশনের ১৩ লাখ টাকারও বেশি রাজস্ব বকেয়া রয়েছে। অভিযানের সময় ১০ নম্বর দোকানের ইজারাদার মো. মতিনুর রহমান বিগত ১০ মাসের বকেয়া ও ভ্যাট বাবদ ৯১ হাজার ৫৬০ টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন।

Advertisement

আরও পড়ুন বগুড়ায় ফুটপাত উচ্ছেদে অভিযান, ৩ হোটেলকে জরিমানা

তবে বাকি নয়টি দোকানের মালিক বা ব্যবহারকারীরা দীর্ঘদিনের বকেয়া পরিশোধ করতে না পারায় তাদের দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়। বকেয়া দ্রুত আদায়ে করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের কাছে ব্যবসায়ীরা একটি লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন। এতে উল্লেখ করা হয়, সোমবারের মধ্যে মোট বকেয়ার অন্তত ৫০ শতাংশ পরিশোধ করবেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে এই অর্থ জমা না দিলে আইনানুগ ব্যবস্থা নেবে সিটি করপোরেশন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহা. জাহাঙ্গীর আলম বলেন, ব্যবসায়ীদের বকেয়া পরিশোধে সোমবার পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। লিখিত প্রতিশ্রুতি অনুযায়ী বকেয়ার ন্যূনতম অর্ধেক পরিশোধ করা না হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

একই অভিযানে করপোরেশনের নিয়ন্ত্রণাধীন জীর্ণ ও পরিত্যক্ত সমাগম মার্কেট এলাকায় সতর্কবার্তা দেওয়া হয়।

ম্যাজিস্ট্রেট বলেন, পৌরসভা আমলেই সমাগম মার্কেটটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। সেখানে বর্তমানে কিছু লোক সম্পূর্ণ বেআইনিভাবে অবস্থান করছেন। করপোরেশন তাদের কাছ থেকে কোনো ভাড়া আদায় করছে না। ওই অবকাঠামো থেকে অতিদ্রুত মালামাল সরিয়ে নিয়ে জায়গা খালি করার জন্য ব্যবসায়ীদের শেষবারের মতো নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

এল.বি/এসজেডএইচ/জেআইএম