নারায়ণগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের সাংস্কৃতিক অনুষ্ঠানে চকলেট বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
Advertisement
তবে পুলিশ বলছে, এটা উন্নতমানের আতশবাজি যেটা শুধু বিকট শব্দ হয়। এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটকরা হলেন- মোখলেছ (৩৫) ও লোকমান (৩৩)।
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান বলেন, মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা’র আয়োজন করি। অনুষ্ঠান চলাকালীন সময়ে হঠাৎ করে একটি বোমা সাদৃশ্য বস্তুর বিস্ফোরণ হয়। তবে আমাদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা অনুষ্ঠানের কার্যক্রম সুন্দরভাবেই সম্পন্ন করেছি।
Advertisement
তিনি আরও বলেন, বোমা সাদৃশ্য বস্তুর বিস্ফোরণের আমাদের কয়েকজন ভাই সঙ্গে সঙ্গে দৌঁড়ে গিয়ে একজনকে আটক করে। পরে তার ফোনকলে আসা আরেকজনকে আটক করা হয়। তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, একটা উন্নতমানের আতশবাজি যেটা শুধু বিকট শব্দ হয় কোনো স্পিন্টার থাকে না, এরকমই একটা বস্তু ফুটানো হয়। এ ঘটনায় দুইজনকে আটক করে আমাদের হাতে সোপর্দ করা হয়েছে।
তিনি বলেন, ঘটনার ভিডিও ফুটেজ দেখে জিজ্ঞাসাবাদ করে যাছাই বাছাই করে দেখছি। যদি তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোবাশ্বির শ্রাবণ/কেএইচকে
Advertisement