ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ৮৯ রানে অলআউট হয়ে খুব লজ্জার সৃষ্টি করেছিলো বাংলাদেশ ইমার্জিং দল। তবে দ্বিতীয় ম্যাচে এসে দারুণ জয়ের দেখা পেলো তারা। ডিএলএস মেথডে ইউনিভার্সিটি স্পোর্ট সাউথ আফ্রিকাকে ২৬ রানে হারিয়েছে বাংলাদেশ। জয়ের চেয়ে বড় কথা ব্যাটে-বলে আগের ম্যাচের চেয়ে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
Advertisement
প্রিটোরিয়ায় টস হেরে ব্যাটিংয়ে দারুণ সূচনা করেছিল ইউনিভার্সিটি স্পোর্ট সাউথ আফ্রিকা। দুই ওপেনার মিলে তুলে ফেলে ১৪৮ রান। ৭১ বলে ৭২ রান করেন লুডভিগ শুল্ড। তাকে রোহনাত দৌলা সাজঘরে ফেরালে উদ্বোধনী জুটি ভাঙে।
২৭তম ওভারে দ্বিতীয় ওপেনার জেসন মিউরহেডকে ফেরান পেসার ইকবাল হোসেন। ৭৩ বলে ৭৯ রান করেন মিউরহেড। দুই ওপেনারকে ফেরানোর পরই ম্যাচে ফেরে বাংলাদেশ ইমার্জিং দল। পেসার ইকবাল ১০ ওভার বল করে ৪৩ রান দিয়ে নেন ৫ উইকেট। ৪৭ ওভারেই ২৪৮ রানে অলআউট হয় ইউনিভার্সিটি স্পোর্ট।
রান তাড়া করতে নেমে শুরুতেই দ্রুত ২ উইকেট হারায় বাংলাদেশ। ১৪ বল ১২ রান করে অধিনায়ক ও ওপেনার জাকির হাসান আউট হওয়ার পর তিন নম্বরে নামা শাহাদাত হোসেন আউট হন ১২ বলে ১৮ রান করে। আরেক ওপেনার মাহিফজুল ৩৯ বলে করেন ৩৪ রান। ১২.২ ওভারে ৮০ রান তুলতে ৩ উইকেট হারায় বাংলাদেশ।
Advertisement
এরপরই দলের হাল ধরেন ইফতেখার হোসেন ও মাহিদুল ইসলাম। দু‘জনের জুটিতে ১০৬ রান যোগ করার পর বৃষ্টি নামে। ৩৬ ওভারে বাংলাদেশ তখন ৩ উইকেট হারিয়ে তোলে ১৮৬ রান।
বৃষ্টির কারণে এরপর আর খেলা শুরু করা যায়নি। বৃষ্টি আইন ডিএলএসের হিসাবে ২৬ রানে এগিয়ে থেকে ম্যাচ জিতে যায় বাংলাদেশ ইমার্জিং। বাংলাদেশের হয়ে ৮৬ বলে সর্বোচ্চ ৭১ রান করেন ইফতেখার ও ৬৮ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন মাহিদুল ইসলাম অঙ্কন।
আইএইচএস/এমএসএম
Advertisement