আইন-আদালত

উত্তরখানে সংঘর্ষ: গ্রেফতারের একদিন পরই ২২ আসামির জামিন

রাজধানীর উত্তরখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা এবং পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা দুই মামলায় গ্রেফতার হওয়া অবসরপ্রাপ্ত কর্নেল জাকির হোসেনসহ ২২ জনকে জামিন দিয়েছেন আদালত।

Advertisement

গ্রেফতারের পরদিন সোমবার (৩ আগস্ট) ঢাকার একটি মহানগর আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ এ আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে রাতে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শদ (এসআই) আবু বকর সিদ্দিক।

এর আগে রোববার সকালে রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি এলাকায় নেপচুন এক্সেসরিজ লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী আহত হন।

Advertisement

পরে দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর। সিটি করপোরেশনের অভিযোগ, তাদের উপস্থিতিতেই পরিচ্ছন্নতাকর্মীদের ওপর দ্বিতীয় দফায় হামলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এক কারখানা কর্মকর্তাকে আটক করতে গেলে শ্রমিকদের একাংশ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, রাজাবাড়ি বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) থেকে বর্জ্য পরিবহনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীদের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর নেপচুন এক্সেসরিজ লিমিটেডের পরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল জাকির হোসেনসহ ২২ জনকে গ্রেফতার করা হয়।

জামিন পাওয়া অন্য আসামিরা হলেন— মাসুম রহমান, লিটন, চঞ্চল মিয়া, ইসমাইল, রুহুল কুদ্দুছ ওরফে ছাদেক, রায়হান, জুয়েল, শরিফুল ইসলাম, রেজাউল, সিয়ামুজ্জামান সৈকত, আসাদুজ্জামান, সৈয়দ খালেদ মনসুর, মেহেদী হাসান প্রাপ্ত, এইচ এম তারেক রাফি, নাহিদ সরকার, শিমুল মহসীন তালুকদার, লিটন তালুকদার, রাজু চৌধুরী, নূর উদ্দিন সেলিম এবং তানভীর।

Advertisement

এ ঘটনায় উত্তরখান থানায় দুটি মামলা হয়। পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার অভিযোগে ডিএনসিসির ঠিকাদারি প্রতিষ্ঠান উথুপিয়া কনস্ট্রাকশনের সুপারভাইজার আনিসুর রহমান পলাশ ৩৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা করেন।

এছাড়া পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক আরেকটি মামলা করেন উত্তরখান থানার এসআই সফিকুল ইসলাম।

সোমবার পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় ২২ জনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও উত্তরখান থানার পরিদর্শক ছামিউল হক। একইসঙ্গে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন থানার এসআই অনুপম দাস।

প্রসিকিউশন বিভাগের এসআই আবু বকর সিদ্দিক জানান, হামলার মামলায় আদালত প্রথমে আসামিদের গ্রেফতার দেখানোর আদেশ দেন। পরে আসামিদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলেও উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২২ আসামির জামিন মঞ্জুর করেন।

এমডিএএ/এমএসএম