মিলানের ঝলমলে এক সন্ধ্যায় আবারও আলোচনার কেন্দ্রে উঠে এলেন প্রিয়াঙ্কা চোপড়া। বিশ্বখ্যাত জুয়েলারি ব্র্যান্ড বুলগাড়ির বিশেষ আয়োজনে তার উপস্থিতি যেন হয়ে উঠেছিল সৌন্দর্য, স্টাইল আর আত্মবিশ্বাসের এক অনবদ্য সমন্বয়।
Advertisement
এই অনুষ্ঠানের জন্য প্রিয়াঙ্কা বেছে নিয়েছিলেন ডিজাইনার নিকোলাস জেবরানের ‘স্পেকট্রাম’ কালেকশনের একটি দৃষ্টিনন্দন কতুর গাউন। নরম প্যাস্টেল সবুজ রঙের এই পোশাকে ফুটে উঠেছিল একসঙ্গে কোমলতা ও গ্ল্যামারের মিশেল। স্ট্র্যাপলেস সুইটহার্ট নেকলাইন তার লুকে এনে দেয় নারীত্বের সূক্ষ্ম আবেদন, আর আত্মবিশ্বাসী উপস্থিতিকে করে তোলে আরও আকর্ষণীয়।
গাউনের বডিসে প্লিটেড ও স্কাল্পটেড ডিজাইন তার শরীরের গঠনকে নিখুঁতভাবে তুলে ধরেছে। পাশাপাশি থাই-হাই স্লিট যোগ করেছে আধুনিকতার ছোঁয়া আর লম্বা ট্রেইল তৈরি করেছে রাজকীয় রেড-কার্পেট আবহ।
লুকটিকে আরও পরিপূর্ণ করেছে হালকা ব্লাশ টোনের শিফন র্যাপ, যা তার হাতে নরমভাবে জড়িয়ে নেমে এসেছে মেঝে পর্যন্ত। এই সংযোজন পুরো আউটফিটে এনে দিয়েছে এক ধরনের ভাসমান সৌন্দর্য; যেখানে দৃঢ় কাঠামোর সঙ্গে মিলেছে কোমল, স্বপ্নময় ছন্দ।
Advertisement
তবে সব নজর কেড়েছে তার জুয়েলারি। বুলগাড়ির ‘একলেটিকা’ হাই জুয়েলারি কালেকশন থেকে নেওয়া স্টেটমেন্ট নেকলেসটি ছিল হোয়াইট গোল্ড, হিরা এবং রঙিন রত্নের দারুণ সংমিশ্রণ। এর সঙ্গে মানানসই ড্রপ ইয়াররিংস ও একটি উজ্জ্বল রুবি রিং পুরো লুকটিকে দিয়েছে আরও সমৃদ্ধ ও বিলাসী মাত্রা।
স্টাইলিংয়ে ছিলেন থিবো সালদুচি ও মর্গান মার্টিনি। তারা প্রিয়াঙ্কার চুল রেখেছিলেন খোলা, সাইড পার্ট করে নরম ঢেউ খেলানো স্টাইলে। মেকআপে ছিল স্বাভাবিক উজ্জ্বলতা। ফেদার্ড ব্রাউ, মভ শেডের গ্লসি ঠোঁট, চোখে হালকা শিমার এবং সূক্ষ্ম হাইলাইট, যা পুরো লুকে এনে দেয় ‘ভেতর থেকে জ্বলে ওঠা’ আভা।
এই আয়োজনে তার সঙ্গে ছিলেন আরও বেশ কিছু আন্তর্জাতিক তারকা, ডুয়া লিপা, লিউ ইয়েফি, অ্যান হ্যাতওয়ে সহ আরও অনেকে। পরে দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী কিম জি-ওন এর সঙ্গে নতুন ‘একলেটিকা’ কালেকশনও উপস্থাপন করেন তিনি।
২০২১ সাল থেকে বুলগাড়ির গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে প্রিয়াঙ্কা নিয়মিত আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করছেন ভারতকে। একই তালিকায় জেনডায়া ও লিসার মতো তারকাদের সঙ্গে থেকেও নিজের স্বকীয়তা দিয়ে আলাদা হয়ে উঠছেন তিনি।
Advertisement
প্রিয়াঙ্কা চোপড়ার এই উপস্থিতি শুধুই একটি ফ্যাশন লুক নয়; এটি এক ধরনের স্টেটমেন্ট। সঠিক স্টাইলিং, পরিমিত উপস্থাপন আর আত্মবিশ্বাসের সমন্বয়ে একটি লুক কীভাবে স্মরণীয় হয়ে উঠতে পারে, মিলানের এই সন্ধ্যায় সেটিই আবারও প্রমাণ করলেন তিনি।
জেএস/