দেশজুড়ে

কম্বলের নিচ থেকে বিদেশি পিস্তল উদ্ধার, যুবক গ্রেফতার

ঢাকার সাভারে একটি বিদেশি পিস্তল ও খালি ম্যাগাজিনসহ মারুফ হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন।

এর আগে, বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানার জোড়পুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মারুফ হোসেন সাভারের নামাগেন্ডা এলাকার বাসিন্দা। তিনি জোড়পুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মারুফ হোসেন তার বাসায় অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছেন। পরে পুলিশের একটি দল বাড়ির মালিক ও স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার শয়নকক্ষে অভিযান চালায়। অভিযানে তার কক্ষে কম্বলের নিচে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ হোসেন অস্ত্রটি নিজের কাছে রাখার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।

এসআই ইমরান হোসেন বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। গ্রেফতার যুবককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মাহফুজুর রহমান নিপু/এসআর/এমএস

Advertisement