খেলাধুলা

একাদশে থাকবেন সৌম্য, কিন্তু কোন পজিশনে?

খালি চোখে দ্বিতীয় ম্যাচটা টাইগারদের সিরিজে ফেরার। হারলে সিরিজ হবে হাতছাড়া। জিতলে সিরিজে সমতা ফিরে আসবে। তখন ২৩ এপ্রিলের শেষ ম্যাচটি রূপ নেবে সিরিজ নির্ধারণী লড়াইয়ে। তার আগে আগামীকাল ২০ এপ্রিলের দ্বিতীয় ওয়ানডেতে টিম বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিরিজে টিকে থাকার লড়াই।

Advertisement

এখন প্রশ্ন হলো, এমন এক অস্তিত্ব ধরে রাখার লড়াইয়ে বাংলাদেশ কি প্রথম ম্যাচের দল নিয়েই মাঠে নামবে? নাকি ফর্মেশন ও একাদশে পরিবর্তন আসবে? দ্বিতীয় ম্যাচ শুরুর সময় যত ঘনিয়ে আসছে, এ প্রশ্ন ততই জোরালো হচ্ছে। এদিকে আজ রোববার ছিল টাইগারদের ‘অপশনাল প্র্যাকটিস’।

ঐচ্ছিক অনুশীলনে পুরো দলের অংশগ্রহণ বাধ্যতামূলক নয়। এক কথায় পুরোদস্তুর অনুশীলনও এটা নয়। তাই অপশনাল প্র্যাকটিস দেখে একাদশ সম্পর্কে পূর্বধারণা পাওয়া এবং ফর্মেশন বোঝা কঠিন।

তবে আজ দুপুরে বাংলাদেশের প্র্যাকটিসের সময় থেকেই একটি কথা শোনা গেল শেরে বাংলা ও তার আশপাশে। একটি গুঞ্জন ভেসে বেড়ালো বাতাসে। সম্ভবত একাদশে পরিবর্তন আসছে।

Advertisement

দলে রদবদলের কথা ওঠা মাত্র সবার মুখে একটি নামই উচ্চারিত হচ্ছে। তাহলো, সৌম্য সরকার হয়তো দলে ফিরছেন।

সৌম্য তো একাদশে ছিলেনই। গত বছর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের সাথে তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচেও সৌম্য দুর্দান্ত ব্যাটিং করে ৯১ রানের (৮৬ বলে) আকর্ষণীয় ও আক্রমণাত্মক ইনিংস উপহার দিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। কিন্তু পাকিস্তানের সাথে এই গত মাসে ৩ ম্যাচের সিরিজে আর সৌম্য একাদশে জায়গা পাননি।

তখন সৌম্যর জায়গা না পাওয়া নিয়ে কিছু কথাবার্তা হয়েছিল। কিন্তু কেন পাননি? কী কারণে আগের সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করার পরও ঠিক পরের সিরিজেই তাকে বাদ দেওয়া হলো, একটি ম্যাচও খেলানো হলো না? সে প্রশ্ন কিন্তু উঠেছিল।

তবে একটি প্রাসঙ্গিক কারণেই সে প্রশ্ন খুব বড় হয়ে দেখা দেয়নি। কারণ, সৌম্য গত বছর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ জেতানো ব্যাটিং করলেও তারপর নিজেকে ধরে রাখতে পারেননি। ঘরোয়া ক্রিকেটে আর রান পাননি। প্র্যাকটিস ম্যাচেও সুবিধা করতে পারেননি। বরং তার জায়গায় আরেক তরুণ বাঁহাতি তানজিদ তামিম ঠিক জ্বলে উঠে রানের নহর বইয়ে দিয়ে দলে ঢুকে গেছেন।

Advertisement

আর দলে ঢুকে প্রথম ম্যাচেই পাকিস্তানের সাথে ওয়ানডে সিরিজে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট করে ফিফটি (৪২ বলে ৬৭) হাঁকিয়ে বসেন। দ্বিতীয় খেলায় আবার জ্বলে উঠে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতকও (১০৭ বলে ৭ ছক্কা ও ৬ বাউন্ডারিতে ১০৭) উপহার দেন বাঁ-হাতি তানজিদ তামিম।

তামিম জ্বলে ওঠায় সৌম্য সরকারের পাকিস্তানের সাথে সিরিজে ফেরার পথ বন্ধ হয়ে যায়। আর ওই সিরিজের তিন খেলায় একাদশে পরিবর্তন করা না হওয়ায় আর সৌম্যের ফেরা হয়নি।

এবার নিউজিল্যান্ডের সাথে প্রথম ম্যাচেও জায়গা পাননি সৌম্য। ওই ম্যাচে ওপেনার তানজিদ তামিম মাত্র ২ রানে ফিরেছেন। কিন্তু তার সঙ্গী ডানহাতি সাইফ হাসান ঠিকই পঞ্চাশ হাঁকিয়ে বসেছেন। কাজেই সৌম্য সরকারের ওপেনার হিসেবে দলে ফেরা কঠিন।

তবে খোঁজ নিয়ে জানা গেছে তানজিদ তামিম আর সাইফ হাসানের ওপেনিং জুটি অপরিবর্তিত থাকার সম্ভাবনা প্রায় শতভাগ। কিন্তু তারপরও সৌম্যকে খেলানোর চিন্তাভাবনা আছে। বাঁহাতি সৌম্যকে অপর বাঁহাতি নাজমুল হোসেন শান্তর বদলে তিন নম্বরে খেলানোর কথা ভাবা হচ্ছে। এবং সৌম্যকে যদি আগামীকাল সোমবার সকালে শেরে বাংলায় কিউইদের সাথে দ্বিতীয় ম্যাচে ওয়ানডাউনে ব্যাট করতে দেখেন, তাহলে অবাক হবেন না।

শান্তর জায়গায় সৌম্য দলে ঢুকতে পারেন শুনে আবার ভাববেন না যে শান্ত বুঝি বাদ পড়বেন। শান্ত আর লিটন দাস একটু একটু করে নিচে নেমে যাবেন। সেক্ষেত্রে শান্ত চারে, লিটন পাঁচ নম্বরে খেলবেন। তাওহিদ হৃদয়কে হয়তো ছয় নম্বরে খেলানো হবে। কিংবা শান্ত, লিটন ও হৃদয়ের মধ্যেই ৪, ৫ ও ৬ নম্বর পজিশনে ভাগাভাগি হবে।

কাকে কত নম্বরে নামানো হবে, সেটা হয়তো টিম মিটিংয়ে চূড়ান্ত হবে। তবে ভেতরের খবর, সোমবারের ম্যাচে আফিফ হোসেন ধ্রুবর ১১ জনে থাকার সম্ভাবনা খুব কম। আগের সিরিজে পাকিস্তানের সাথে ২ ম্যাচ আর চলতি সিরিজে নিউজিল্যান্ডের সাথে প্রথম ম্যাচসহ টানা ৩ ম্যাচে ব্যাট করার (১৪, ৫* ও ২৭) সুযোগ পেয়েও আফিফ নিজেকে মেলে ধরতে পারেননি। তাই আফিফকে বাইরে রেখে আবার সৌম্যকে ফেরানোর চিন্তাভাবনা একরকম চূড়ান্ত বলে জানা গেছে।

এছাড়া পেস বোলিং লাইনআপেও অন্তত একটি পরিবর্তনের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। প্রচণ্ড গরমে ফাস্ট বোলারদের বিশ্রাম দিয়ে খেলানোর কথা ভাবা হচ্ছে। তাই হয়তো আগামীকাল সোমবারের ম্যাচে দ্রুতগতির নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে আবার মোস্তাফিজকে খেলানো হতে পারে। তবে তাসকিন আর শরিফুল হয়তো খেলবেন।

তাহলে একাদশটা মিলিয়ে নিন

তানজিদ তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন, শরিফুল, মোস্তাফিজ।

এআরবি/আইএইচএস