২০২৬ আইপিএলে বড় ধাক্কা খেলো চেন্নাই সুপার কিংস। দলের তরুণ ওপেনার আয়ুশ এমহাত্রে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন।
Advertisement
মঙ্গলবার (২১ এপ্রিল) ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত করেছে যে, ১৮ বছর বয়সী এই ব্যাটারের চোট সেরে উঠতে ৬ থেকে ১২ সপ্তাহ সময় লাগবে। ফলে চলতি আইপিএলে আর মাঠে নামা হচ্ছে না তার।
গত ১৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হায়দরাবাদে ম্যাচ চলাকালীন দ্বিতীয় রান নেওয়ার সময় হঠাৎ করেই বাম হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেন এমহত্রে। মাঠেই তাকে কয়েকবার চিকিৎসা দেওয়া হয়, পরে সতীর্থ রামাকৃষ্ণ ঘোষ এবং দলের ফিজিও টমি সিমসেকের সহায়তায় তিনি মাঠ ছাড়েন। পরদিন স্ক্যানে ধরাপ পড়ে, চোট গুরুতর।
চলতি মৌসুমে সিএসকের সবচেয়ে সফল ব্যাটার ছিলেন এমহাত্রে। তিনি দুটি অর্ধশতকসহ ১৭৭.৮৭ স্ট্রাইক রেটে রান করে দলের ভরসা হয়ে উঠেছিলেন। তার অনুপস্থিতি তাই দলটির জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ালো।
Advertisement
ইতোমধ্যেই চোটের কারণে পেসার খলিল আহমেদ টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। এছাড়া টুর্নামেন্ট শুরুর আগেই ইনজুরিতে পড়েন নাথান এলিস। অন্যদিকে, ডেওয়াল্ড ব্রেভিস শুরু থেকেই একাদশে নিয়মিত ছিলেন না।
এদিকে অভিজ্ঞ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখনও মাঠে নামেননি। তার ফিটনেসের উপর নির্ভর করে পরবর্তী ম্যাচে দলে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে টুর্নামেন্টে ছন্দ খুঁজে পেতে লড়াই করছে সিএসকে। প্রথম তিন ম্যাচ হারের পর টানা দুই জয় পেলেও সাম্প্রতিক ম্যাচে আবার হারের মুখ দেখে দলটি। আগামী ২৩ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে তারা।
এমএমআর
Advertisement