চলতি ফুটবল বিশ্বকাপে নতুন এক ইতিহাসের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। আজ প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৪-১ গোলের জয়ের ম্যাচে প্রথমবারের মতো ভিএআরের সহায়তায় ‘মিস্টেকেন আইডেন্টিটি’ বা ভুল খেলোয়াড়কে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত সংশোধন করা হয়েছে। এর সুবিধাভোগী হয়েছেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক টিম রিম।
Advertisement
লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচের ৫৩ তম মিনিটে প্যারাগুয়ের মিডফিল্ডার মিগেল আলমিরনের ওপর ফাউলের অভিযোগে রিমকে হলুদ কার্ড দেখান রেফারি ড্যানি মাক্কেলি। তবে রিম সঙ্গে সঙ্গে সিদ্ধান্তের প্রতিবাদ করেন। পরে ভিএআর রিভিউয়ে দেখা যায়, আলমিরন আসলে ফাউলের শিকার হননি; বরং তিনি ডাইভ দিয়েছিলেন। এরপর রেফারি নিজের সিদ্ধান্ত বদলে রিমের হলুদ কার্ড বাতিল করেন এবং উল্টো আলমিরনকে সিমুলেশনের দায়ে হলুদ কার্ড দেখান।
চলতি বছর আন্তর্জাতিক ফুটবল আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি নতুন নিয়ম চালু করেছে, যার আওতায় ভুল খেলোয়াড়কে দেখানো হলুদ বা লাল কার্ড ভিএআরের মাধ্যমে সংশোধন করা যায়। বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ম প্রথমবার প্রয়োগ হলো যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচে। একই ম্যাচে আরেকটি রেকর্ডও গড়েন ৩৮ বছর বয়সী রিম। তিনি যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলা সবচেয়ে বয়স্ক ফুটবলার হন। ম্যাচটি শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জিতে দুর্দান্তভাবে বিশ্বকাপ অভিযান শুরু করে স্বাগতিক যুক্তরাষ্ট্র।
এসকেডি/টিটিটি/এএসএম
Advertisement