বিনোদন

বিশ্বকাপে মেয়েকে মিস করছেন বাবা, কারিনাকে দেওয়া হবে বিশেষ সম্মাননা

ফুটবল বিশ্বকাপ শুরুর দিনটি এবার আনন্দ নয়, বরং গভীর বেদনার স্মৃতিতে ভাসছে জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের জীবনে। লিভারজনিত জটিলতায় প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে হারানোর শোক এখনও বহন করছেন তিনি।

Advertisement

বিশ্বকাপ ফুটবল ২০২৬ শুরুর দিনে নিজের ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেয়েকে ছাড়া খেলা দেখার কষ্ট প্রকাশ করেন কায়সার হামিদ। পোস্টে তিনি লেখেন, ‘কারিনা, এই বিশ্বকাপে আমি সত্যিই তোমাকে ভীষণ মিস করবো।’

তিনি আরও লেখেন, ‘কারিনা মামনি, তোমার সাথে আর খেলা দেখা হবে না। একসাথে ফুটবল, ক্রিকেটসহ নানা খেলা দেখার স্মৃতিগুলো মনে পড়লে বুকটা হাহাকার করে ওঠে। খেলা দেখার সময় প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করবো।’

ফুটবলপ্রেমী এই সাবেক তারকা জানান, বিশ্বকাপের মতো আনন্দঘন মুহূর্তও এখন তার কাছে শূন্যতা ও কষ্টের প্রতীক হয়ে উঠেছে, কারণ যে মেয়ের সঙ্গে তিনি প্রতিটি খেলার উত্তেজনা ভাগ করে নিতেন, তিনি আজ আর পাশে নেই।

Advertisement

তবে আবেগঘন পোস্টে তিনি বিশ্বাসও প্রকাশ করেন, কারিনা সবসময় তার সঙ্গেই আছেন, থাকবেন আজীবন।

কারিনা কায়সারের মৃত্যুর পর থেকেই নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করে আসছেন কায়সার হামিদ। কখনও শৈশবের ছবি, কখনও মেয়ের মানবিক ও হাসিখুশি মুহূর্ত তুলে ধরে আবেগঘন বার্তা দিচ্ছেন তিনি।

অন্যদিকে প্রয়াত এই তরুণ অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটরকে বিশেষ সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। তাদের ৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘চরকি কার্নিভাল’-এ কারিনাকে প্রতিযোগিতার বাইরে রেখে বিশেষভাবে সম্মান জানানো হবে।

চরকির সিইও রেদওয়ান রনি জানান, কারিনার কাজ তাকে প্রতিযোগিতার ঊর্ধ্বে নিয়ে গেছে, তাই তার অবদানকে শ্রদ্ধার সঙ্গে বিশেষভাবে স্মরণ করা হবে।

Advertisement

এদিকে ভোটের মাধ্যমে চলমান চরকি অ্যাওয়ার্ডসেও তার মনোনয়ন ছিল, তবে তাকে শ্রদ্ধা জানিয়ে প্রতিযোগিতা থেকে আলাদা রাখা হয়েছে।

 

এলআইএ