দেশজুড়ে

কিশোরীকে ঘুরতে নিয়ে যান প্রেমিক, পরে তিন বন্ধু মিলে ধর্ষণ

ঠাকুরগাঁও সদর উপজেলায় এক কিশোরীকে (১৫) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন তরুণকে আটক করেছে পুলিশ।

Advertisement

গত শনিবার (১৩ জুন) রাতে উপজেলা সদরের একটি বাজারের গোডাউনে দলবদ্ধ ধর্ষণের ওই ঘটনা ঘটে। এ সময় কিশোরীর প্রেমিকসহ তিনজনকে আটক করে পুলিশ। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আটক তরুণরা হলেন সদর উপজেলার আনারুলের ছেলে মো. তামিম ইসলাম (২২), মিন্টুর ছেলে মো. রনি (২১) ও মজিদুর রহমানের ছেলে মো. মাসুদ (২২)।

রোববার (১৪ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী।

Advertisement

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, এক সপ্তাহ আগে ভুক্তভোগী কিশোরীর সঙ্গে পরিচয় হয় তামিম ইসলামের। গত শনিবার (১৩ জুন) বিকেলে ওই কিশোরীকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নেন তিনি। ঠাকুরগাঁও শহরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে রাত আনুমানিক ১১টার দিকে কিশোরীকে কালিতলা বাজারের পাশের একটি গোডাউনে নিয়ে যান তামিম। পরে তিনি এবং তার দুই বন্ধু রনি ও মাসুদ মিলে রাতভর ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন। পরবর্তীতে দিনগত রাত ৩টার দিকে পুলিশের একটি নিয়মিত টহল দল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পায়। এ সময় ঘটনাস্থল থেকে তিন তরুণকে আটক করা হয়। কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, আটক তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

টিএইচটি/এমএমকে

Advertisement