নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যুবককে অপহরণের চেষ্টাকালে চার পুলিশ সদস্যকে গ্রেফতার দেখানো হয়েছে।
Advertisement
শুক্রবার (১৯ জুন) তাদেরসহ মোট ছয়জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেছেন ভুক্তভোগী অমিত হাসান।
গ্রেফতারকৃতরা হলেন- এসআই মামুন মাতুব্বর, এএসআই আমান উল্লাহ, কনস্টেবল কবির, কনস্টেবল আকাশ আহাম্মেদ। তারা সবাই ঢাকা ডিবি দক্ষিণে কর্মরত।
এর আগে বৃহস্পতিবার রূপগঞ্জের গাউছিড়া ও আড়াইহাজার শান্তির বাজারে গণপিটুনির শিকার হন পুলিশ সদস্যরা। তাৎক্ষণিকভাবে তারা দাবী করেছিলেন আসামি গ্রেফতার করতে রূপগঞ্জের গাউছিয়া এসেছিলেন।
Advertisement
ভুক্তভোগীর বরাত দিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁওয়ের বারদী এলাকা থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত অমিত হাসান নামে এক যুবক তার আত্মীয়ের সঙ্গে দেখা করতে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় গেলে কয়েকজন সিআইডি পরিচয়ে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নেওয়ার চেষ্টা করে। এসময় তার আত্মচিৎকারে স্থানীয়রা গাড়ি আটকে এসআই মামুন, এএসআই আমানউল্লাহ, কনস্টেবল কবিরকে আটক করে গণধোলাই দেয়। এসময় প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায় আরও তিনজন।
পরে উত্তেজিত জনতা আটকৃতদের একটি পিকআপে করে আড়াইহাজারের শান্তিনগর বাজারে নিয়ে আসে। সেখানেও আবারও তাদের গণধোলাই দেয়া হয়। পরে আড়াইহাজার থানা পুলিশ তাদের প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠায়। পাশাপাশি রাতেই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আরেক পুলিশ কনস্টেবল আকাশকে গ্রেফতার করা হয়।
মেহেদী ইসলাম আরও জানান, গ্রেফতারকৃতরা এর আগেও অপহরণের নাটক সাজিয়ে অমিতের দূরসম্পর্কের মামা জয়নাল এবং সোনারগাঁওয়ের জাকির হোসেন নামে এক ব্যক্তিকে অপহরণ করে কেরানীগঞ্জে নিয়ে মোটা অংকের টাকা মুক্তিপণ নিয়েছিল।
মোবাশ্বির শ্রাবণ/এএইচ/এএসএম
Advertisement