নিজের নামে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ না করার জন্য অনুরোধ জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ বিষয়ে গত ১ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে তিনি একটি আধা-সরকারি (ডিও) পত্র পাঠান।
Advertisement
পত্রে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দায়িত্ব নেওয়ার পর থেকে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে তার নামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণের অপচেষ্টা ও প্রস্তাব পাঠাচ্ছেন, যা তার কাছে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। তিনি মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানের দীর্ঘদিনের ঐতিহ্য, পরিচিতি ও স্বাতন্ত্র্য অক্ষুণ্ন রাখাই অধিকতর সমীচীন।
তবে প্রতিমন্ত্রীর এমন স্পষ্ট আপত্তির পরও তার নির্বাচনি এলাকা বগুড়ার শিবগঞ্জে একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাবের খবর পাওয়া গেছে। শুক্রবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ৯ জুনের একটি সরকারি চিঠি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
গত ৯ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে জারি করা ওই স্মারকে দেখা যায়, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’ করার একটি প্রস্তাব পাওয়া গেছে। ওই চিঠিতে নাম পরিবর্তনের বিষয়ে সরেজমিনে পরিদর্শন করে সুনির্দিষ্ট মতামত ও যৌক্তিকতাসহ প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। প্রতিমন্ত্রীর ডিও লেটার পাঠানোর মাত্র কয়েকদিনের মাথায় তার নামে এই নাম পরিবর্তনের প্রস্তাবের চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
Advertisement
ডিও পত্রে মীর শাহে আলম জানান, শিবগঞ্জ-মোকামতলা এলাকায় দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে জমি দান, নিজ অর্থে জমি ক্রয়, প্রতিষ্ঠাকালীন ব্যয় বহন ও সার্বিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে তিনি শিক্ষা বিস্তারে কাজ করে আসছেন। তার প্রত্যক্ষ সহযোগিতায় ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত মীরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতগাড়ি মীরবাড়ি সরকারি এতিমখানা, বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়, বেতগাড়ি মীর শাহে আলম কারিগরি স্কুল অ্যান্ড বিএম মহাবিদ্যালয়, তিয়াইল মীর লাবনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতগাড়ি মীর শাহে আলম মৎস্য ও কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট, বেতগাড়ি মীর মাহাতাব–শাহে আলম মহিলা দাখিল মাদ্রাসা, মোকামতলা মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়, কিচক মীর শাহে আলম কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম ভেটেরিনারি ইনস্টিটিউটসহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত ও উন্নত হয়েছে।
পত্রে প্রতিমন্ত্রী অনুরোধ করেন, ইতোপূর্বে প্রতিষ্ঠিত এসব প্রতিষ্ঠানের বাইরে তার বা তার পরিবারের কোনো সদস্যের নামে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব যেন কোনোভাবেই গ্রহণ বা অনুমোদন করা না হয়। একই সঙ্গে তিনি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আগের নাম ও পরিচিতি সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
এসআর/এএসএম
Advertisement