দেশজুড়ে

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

ফুটবল বিশ্বকাপে পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা জানিয়ে নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকরা বর্ণাঢ্য র‍্যালি করেছে।

Advertisement

শুক্রবার (১৯ জুন) বিকেল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু করে বঙ্গবন্ধু সড়ক ঘুরে চাষাঢ়া এলাকায় এসে র‍্যালিটি শেষ হয়।

র‍্যালিতে বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা ব্রাজিলের পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে ‘ব্রাজিল জিতবে বিশ্বকাপ’, ‘ফুটবল আমাদের আবেগ’সহ নানা শ্লোগান দেন। চলে গান-বাজনাও। এতে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ব্রাজিল সমর্থক তন্ময় রাইয়ান বলেন, ‘ব্রাজিল মানেই আমাদের আবেগ। আশা করছি এবার হেক্সা মিশন পূরণ হবে। তবে জয়-পরাজয় যাই হোক, আমরা সবসময় এ দলের সঙ্গেই থাকবো।’

Advertisement

আরেক সমর্থক সোহেল বলেন, ‘নারায়ণগঞ্জে ফুটবল নিয়ে এমন আয়োজন আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ও আনন্দ বাড়ায়। আমরা চাই নিয়মিত এমন ক্রীড়া-উৎসব হোক, খেলাধুলার আয়োজনও বাড়ুক।’

র‍্যালির আয়োজক নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু বলেন, ‘খেলাধুলা সমাজে ইতিবাচক পরিবেশ তৈরি করে। ব্রাজিল সমর্থকদের এ আয়োজন নারায়ণগঞ্জের ক্রীড়াপ্রেমী মন-মানসিকতার প্রতিফলন। এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতিকে আরও দৃঢ় করবে।’

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/এএসএম

Advertisement